কামিল আহমদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হারুন রশিদ
সিলেটের কানাইঘাটের কামিল হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির আশ্রয় নিয়ে শনিবার ভোর রাতে কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মার নেতৃত্বে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা এলাকা থেকে কামিল আহমদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হারুন রশিদকে গ্রেপ্তার করা হয়।
হারুন রশিদের গ্রেপ্তার অভিযানে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেছে বলে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন। আটক হারুন রশিদকে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২১ আগস্ট রাত ১০টার দিকে কামিল আহমদ স্থানীয় গাছবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে তার আপন চাচা এলাকার প্রভাবশালী আলা উদ্দিন ও চাচাতো ভাইয়েরা অতর্কিত হামলা চালিয়ে কামিল আহমদকে হত্যা করে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় নিহতের বোন শারমীন বেগম বাদী হয়ে চাচা আলা উদ্দিন সহ ৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকান্ডের পর থেকে খুনীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গত ৫ সেপ্টেম্বর কামিল হত্যাকান্ডের পরিকল্পনাকারী তোতা মিয়াকে পুলিশ জৈন্তাপুর উপজেলার ছইয়া গ্রাম থেকে গ্রেফতার করে। এরপর শনিবার ভোর রাতে হারুন রশিদকে ফেঞ্চুগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত তোতা মিয়াকে রিমান্ডে আনার আবেদন করা হবে বলে থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন।
গ্রেফতারকৃত হারুন রশিদকে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং মামলার অপরাপর আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।
ডি ডি




