ছবি: নিজস্ব
প্রশাসনিক এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত সিলেটের আবাসন খাত। এমনটি দাবী সিলেটের হাউজিং ব্যবসায় জড়িত ব্যবসায়ীরা। তারা বলছেন অনিয়ম যতটা না হয়েছে তার চেয়ে বেশী ক্ষতি করেছেন প্রশাসনের কর্মকর্তারা। জমির দাম বৃদ্ধি, জেলা বা উপজেলা প্রশাসনের অনুমতি কিংবা পরিবেশের ছাড়পত্র দেয়ার নামে দিনের পর দিন ‘ঘোরানো’ হচ্ছে। আর সে জটিলতায় পড়ার কারণে শত চেষ্টা করেও সিলেটের আবাসন খাতকে আগের অবস্থায় ফেরাতে পারছেন না উদ্যেক্তারা। তবে সিলেটের আবাসন ব্যবসায়ীদের সংগঠন ‘সারেগ’ এর নেতারা বর্তমান সময়ে আবারও আশার আলো দেখছেন এ খাতে। আবারও নতুন করে ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছেন বিনিয়োগকারীরা।
তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের শেষ পর্ব হচ্ছে সিলেটের আবাসন ব্যবসার উদ্যোক্তা আর ব্যবসায়ীদের মতামত নিয়ে। তাদের মতে বিগত ১৫ বছরটাই হলো সিলেটের আবাসন ব্যবসায়ীদের জন্য‘কাল’। কারণ হিসেবে আবাসন ব্যবসায়ীদের সংগঠন ‘সারেগ’ এর সদস্য হিলভিউ এর পরিচালক মাওলানা খলিলুর রহমান এ প্রতিবেদককে বলেছেন, সিলেটের হাউজিং সেক্টরে মন্দা চলছে ২০০৭ সাল থেকে। যেসব জমি হাউজিং কোম্পানীর নামে রেজিস্ট্রেশন হয়েছে, সেগুলোর নামজারী করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসকের অনুমোদন গ্রহণ বাধ্যতামুলক করা হয়েছে।
এরপর থেকে সিলেটের হাউজিং কোম্পানীগুলোর কর্মকর্তারা জেলা প্রশসকের কার্যালয় আর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ে শুধুই ঘুরেছেন। সরাসরি তারা ‘দেবেন না’ সে কথাও বলেননি। আর ফাইলও ছাড়েনি। যেন অদৃশ্য এক সুতোয় বাধা পড়ে হাউজিং কোম্পানীগুলোর নামজারী অনুমোদন। কারণ হাউজিং এর নামে জমি থাকলে জেলা প্রশাসকের বা ইউএনও’র অনুমতি লাগে। অপরদিকে সিলেট সিটি কর্পোরেশনের আওতায় আসা জমিগুলোর সরকার নির্ধারিত মুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যে জমি হাউজিং কোম্পানী লাভসহ লাখ টাকা ডেসিমেল বিক্রি করার জন্য প্রস্তুতি নিয়েছিলো সে জমির সরকার নির্ধারিত মুল্য ডেসিমেল প্রতি এখন দুই লাখ টাকা। ফলে হুট করে নগর এলাকায় ঢুকে পড়া কৃষি জমিগুলো এখন মহা মুল্যবান হয়ে উঠেছে। যাচাই বাছাই ছাড়াই সরকার প্রত্যেকটি মৌজার জন্য আলাদা মুল্য নির্ধারণ করে দেয়ায় এখন আর কেউ হাউজিং কোম্পানীর জমি কিনতে আগ্রহী হচ্ছেননা। এছাড়া বিক্রিও করা যাচ্ছেনা নামজারীতে প্রশাসনে অনুমতি না থাকায়। প্রায় একই ধরণের জটিলতা দেখা দিয়েছে সিলেটের ফ্লাট বা এপার্টমেন্ট ব্যবসায়। সেখানেও বিকিকিনি আগের মতো নেই।
এ ব্যাপারে সারেগ এর সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন এর বরাত দিয়ে আবাসন ব্যবসায়ী সাহেদ আহমদ গতকাল জৈন্তা বার্তাকে বলেন, তারা উভযেই বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। গত কয়েক বছর কঠিন সময় পার করেছে এ খাত। তাদের সংস্থায় সর্বশেষ ঠিকে থাকা কয়েকটি কোম্পানীর মধ্যে আর্ক, প্রিজম, হলি আরবান উল্লেখযোগ্য। তবে আগামীতে আবারও পরিবেশ ফিরে পাবে আবাসন খাত এমনটি আশা হলি আরবানের পরিচালক সাহেদ আহমদের।
এ ব্যাপারে সারেগ এর সভাপতি খয়রুল হোসেন গতকাল জৈন্তা বার্তা’কে বলেছেন,প্রায় শতাধিক কোম্পানী তাদের স্স্থংার সদস্য ছিলো। বর্তমানে তা ১৫টির অধিক নয়। বিগত দিনগুলোতে সিলেটের আবাসন খাতে বিনিযোগকারীরা নানা কারণে হতাশ ছিলেন। নানা প্রতিবন্ধকতা ছিলো। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি কিছুটা পরিবর্তন এসেছে। অল্প জমির একটি কোম্পানী জেলা প্রশাসনের ছাড় পেয়েছে। তারা এখন বাধা হচ্ছেন না। পরিবেশ অধিদপ্তর কিছুটা বাধাগ্রস্ত করছে কোম্পানীগুলোকে। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের পর অনেকটা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছি। এ ধারা অব্যাহত থাকলে সিলেটের আবাসন খাতকে আমরা আবারও শক্ত ভিত্তির উপর দাড় করাতে পারবো ইনশাআল্লাহ।
জৈন্তাবার্তা / সুলতানা




