ছবি: নিজস্ব
শীতকালকে বলা হয় সবজির মৌসুম। শীতকালীন সবজির প্রতি মানুষের আগ্রহও থাকে বেশি। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে শীতের সবজির সরবরাহ ভালো থাকলেও দাম কমেনি, ক্রেতা সাধারণের নাগালের বাইরেই রয়েছে। সারা বছর পাওয়া যায় এমন সবজির পাশাপাশি বাজারে এখন কাঁচা টমেটো, শালগম, পেঁয়াজ পাতা, মুলা, শিমের মতো সবজিও জায়গা করে নিচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, গাজর, লাউ, টমেটো শীতকালীন সবজি হলেও এখন সারা বছরই বাজারে পাওয়া যায়। তবে ক্রেতারা বলেন, শীতে এগুলোর স্বাদই থাকে ভিন্ন, যেহেতু এগুলো শীতের সবজি।
মুলা, শিমের মতো শীতকালীন সবজি বাজারে এসেছে আরও বেশ কিছুদিন আগে। এখন আসতে শুরু করেছে শালগম, পেঁয়াজ পাতা, কাঁচা টমেটোর মতো সবজিগুলো। বাজারে এসেছে ঠিকই, কিন্তু এগুলো বিক্রি হচ্ছে চড়া মূল্যে। বিক্রেতারা বলছেন, নতুন এসেছে বলেই এগুলোর দাম বেশি। কয়েক দিন গেলেই দাম কমতে শুরু করবে। তবে মৌসূমি সবজির স্বাদ নিতে অনেক ক্রেতাই বাড়তি দাম দিয়ে সবজি কিনছেন।
বৃহস্পতিবার সকালে সিলেট নগরের টুকের বাজার, মদিনা মার্কেট ও রিকাবীবাজার কাঁচা বাজার সরেজমিন ঘুরে দেখা যায় শীতের সবজির এই চিত্র।
হাত ঘুরলেই বাড়ে সবজির দাম: সিলেট নগরের টুকেরবাজার কাঁচা সবজি কেনাবেচার জন্য বিখ্যাত। সদর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে কান্দিগাঁও ইউনিয়নের সবকটি গ্রামে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয়। এর বেশির ভাগ বিক্রি হয় এই বাজারে। এই বাজার থেকে সিলেট শহরের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। টুকের বাজার থেকে প্রতিদিন সকালে বিক্রেতারা সবজি কিনে নিয়ে নগরীর বিভিন্ন বাজারে খুচরা বিক্রি করেন। এছাড়াও এই বাজারের সবজি সিলেটের বিভিন্ন বাজারে যায়। আর সেই সবজি সিলেট শহরে মাত্র এক হাত ঘুরেই কেজিতে দাম বাড়ছে ১০ থেকে ২৫ টাকা। কৃষকরা কৃষিতে লাভ করুক আর ক্ষতি করুক ব্যবসায়ীরা ঠিকই পকেটে লাভের টাকা ভরছেন।
কৃষক এবং পাইকারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি কেজি পটল টুকের বাজারে সকালে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। একই পটল সিলেট শহরের মদিনা মার্কেট সবজি বাজারে একই দিন বিক্রি হয়েছে কেজি ৬৫ থেকে ৭০ টাকায়। এতে করে কেজিতে ১০-১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এক কেজি করলা বিক্রি দাম পড়ে ৭৫-৮০ টাকা করে। কিন্তু একই করলা শহরে বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা কেজি দরে। আবার বরবটির দাম পড়ে প্রতি কেজি ৬২ টাকা। কিন্তু একই বরবটি শহরে বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা দরে। এদিকে নগরে মদিনা মার্কেট থেকে রিকাবীবাজার কাঁচা বাজারের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। এই বাজারে মদিনা মার্কেটের চেয়ে ১০-২০ টাকা বেশি দামে সবজি বিক্রি হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, শিম ৮০-৯০, শালগম ৮০-৭০ টাকা, কাঁচা টমেটো ১২০, টমেটো ১৪০, পেঁয়াজ পাতা ১২০-১৬০, মুলা ৪০-৫০, গাজর ১২০-১৩০, লম্বা বেগুন ৫০-৬০, সাদা গোল বেগুন ৫০-৬০, কালো গোল বেগুন ৮০-১০০, শসা ৫০-৭০, করল্লা ৮০-৯, পেপে ৪০-৫০, পটল ৫০-৬০, মিষ্টি কুমড়া ৪০-৮০, ঢেঁড়স ৭০-৮০, চিচিঙ্গা ৬০-৭০, বরবটি ৮০-১০০, কচুর লতি ৬০, কচুরমুখী ৮০-১০০, কাঁচা মরিচ ১০০-১১০, ধনেপাতা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতিটি লাউ ৩০-৭০ টাকা, ফুলকপি ৬০-৭০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা ও চাল কুমড়া ৫০-৭০ টাকা করে বিক্রি হচ্ছে।
এদিকে আমদানির খবরে আলুর দাম কিছুটা কমে মানভেদে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু পেঁয়াজ এখনও সেঞ্চুরিয়ান। একশ’ টাকার নিচে কোনও পেঁয়াজ নেই। আলু-পেঁয়াজ বিক্রেতা আব্দুল কাদের বলেন, আলুর দাম কিছুটা কমেছে। তবে আর বেশি কমবে বলে মনে হয় না। পেঁয়াজের দামও কমবে না।
এছাড়া রুই মাছ ৩৫০-৫৫০, কাতল মাছ ৩৫০-৫৫০, কালিবাউশ ৪০০-৬০০, চিংড়ি মাছ ৮০০-১৪০০, কাঁচকি মাছ ৫০০-৬০০, কৈ মাছ ৩৫০-৪৫০, পাবদা মাছ ৬০০, শিং মাছ ৫০০-৬০০, টেংরা মাছ ৭০০-৯০০, পাঙ্গাস মাছ ২৮০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি ১৭০-১৯০, কক মুরগি ২৮০-৩৩০, লেয়ার মুরগি ৩০০, সোনালি মুরগি কেজি ৩০০ টাকা, দেশি মুরগি ৬৫০-৭০০, গরুর মাংস বাজার ভেদে ৭৫০-৭৮০ টাকা, খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। এছাড়া প্রতি ডজন লাল ডিম ১৫০ টাকা, সাদা ডিম ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মদিনা মার্কেটের সবজি বিক্রেতা রাসেল আহমদ বলেন, বাজারে শীতকালীন সবজি আসায় অন্যান্য সবজির দাম কমে গেছে। কয়েক দিন পর আরও কমে যাবে। আরেক বিক্রেতা আবুল আহম্মদ বলেন, নতুন উঠেছে বলেই শীতকালের সবজির দাম এখন একটু বেশি। কয়দিন পরেই কমে যাবে। শিম যখন বের হইছে তখন ২৫০ টাকা করেও বিক্রি করেছি। এখন তো ১০০ টাকার মধ্যে চলে আসছে। এরকম সব সবজির দামই কমে যাবে।
এদিকে শীতের সময়ের সবজির দাম বাড়তি থাকাতেও অনেককে কিনতে দেখা যায়। তাদের মতে, নতুন সবজির স্বাদই আলাদা। চাকরিজীবী রায়হান এসেছিলেন বাজার করতে। তিনি কিনেছেন কাঁচা টমেটো, শিম, ফুলকপি। তিনি বলেন, সারা বছর তো একই রকম সবজি খাই, এখন নতুন সবজি এসেছে, তাই কিনে নিয়ে যাচ্ছি। দাম বেশি নিয়ে তিনি বলেন, আমরা সবাই জানি একটা সবজি নতুন এলে প্রথম সেটার দাম একটু বেশিই থাকে। তাই এগুলোর দাম এখন বেশি। কয়েক দিন পরেই দাম কমে যাবে বলে আমি মনে করি।
বাজারে আসা গৃহবধু ফাতেমা বেগম বলেন, এখন তো ফুলকপি, বাঁধাকপি, লাউ প্রায় সারা বছরই পাওয়া যায়। কিন্তু শীতকালেই এগুলোর আসল স্বাদ পাওয়া যায়। তাই এখন এগুলো নিয়ে যাচ্ছি।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আশায় বিভিন্ন পণ্যের দাম বেশি রাখছেন। খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে বাজারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
জৈন্তাবার্তা / সুলতানা




