ছবি: নিজস্ব
শেরপুরে কুশিয়ারা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ও জনপদ ভেঙে নদীগর্ভে চলে যাচ্ছে। নদীগর্ভে তলিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে নতুন বস্তি গ্রাম। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ব্রিজ। বালু উত্তোলনের ফলে নদীতে ব্রিজের গোড়ার মাটি তলিয়ে গেলে বন্ধ হয়ে যেতে পারে সিলেটের সাথে সারাদেশের সংযোগ স্থাপনকারী শেরপুর ব্রিজ। নদীর পার্শ্ববর্তী গ্রামের ভেতর দিয়ে পাইপ টেনে বিভিন্ন মাঠে বালু সংরক্ষণ করায় এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। মানুষ প্রতিনিয়ত জ্বর-সর্দিতে ভুগছেন।
কুশিয়ারা নদীটি সিলেটের ওসমানীনগর, মৌলভীবাজার সদর ও হবিগঞ্জের নবীগঞ্জ দিয়ে প্রবাহিত হওয়ায় এই তিন উপজেলার শেরপুর সংলগ্ন বিভিন্ন গ্রামে ১২/১৩টি অননুমোদিত বালুর মাঠ রয়েছে।
জানা যায়, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার মিলনস্থলে শেরপুর অবস্থিত এবং ভারত থেকে চলে আসা কুশিয়ারা নদী শেরপুর দিয়ে প্রবাহিত হয়েছে। শেরপুর সিলেট-ঢাকা মহাসড়কে চার জেলার মধ্যখানে পড়ায় চতুর্দিকে উন্নত যোগাযোগ ব্যবস্থার সুযোগকে কাজে লাগিয়ে এ স্থানটি হয়ে উঠেছে কুশিয়ারা নদীর অবৈধ বালু উত্তোলনের হটস্পট।
কুশিয়ারা নদীর তীরে শেরপুর ব্রিজের পূর্ব পাশে নতুন বস্তি নামক গ্রামে বালুর মাঠ তৈরি করে সাবেক ছাত্রলীগ নেতা রাসেল আহমদ ও যুবলীগ নেতা এমরান আহমদ এ আর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নামে কুশিয়ারা নদী থেকে ড্রেজার দিয়ে উত্তোলনকৃত অবৈধ বালু সংরক্ষণ ও সরবরাহ করে আসছেন। সরকারি তথ্যমতে, ব্রাহ্মণগ্রাম মৌজায় বালু উত্তোলন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকলেও তারা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা করছেন। গেল সপ্তাহে বালুর মাঠের পানির প্রবাহে এবং শক্তিশালী ড্রেজার মেশিনের ঝাঁকুনিতে নতুন বস্তি গ্রামের চলাচলের রাস্তার একটি অংশ ভেঙে নদীতে তলিয়ে গেছে। এরপর থেকে গ্রামের সাধারণ মানুষ শঙ্কার মধ্যে রয়েছেন। আশঙ্কা রয়েছে, যেকোনো সময় ব্রিজের গোড়ার মাটি ও রাস্তার বাকি অংশ ধসে নদীতে চলে যেতে পারে।
নতুন বস্তি গ্রামের বাসিন্দা কয়েছ মিয়া, নাসির মিয়া ও সুহেল মিয়া বলেন, নদীর তীর ঘেঁষা গ্রামে আমরা প্রায় ৫শ পরিবার বাস করছি। ব্রিজের নিচ দিয়ে যাতায়াত করতাম। বালুর মাঠ তৈরি করার জন্য ছাত্রলীগ নেতা রাসেল আহমদ ও যুবলীগ নেতা এমরান আহমদ আমাদের রাস্তাটি বন্ধ করে দেন। ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নদীর তীর ভেঙে তলিয়ে যাচ্ছে। ব্রিজের গোড়ার মাটিও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গ্রামের রাস্তা প্রায় নদীতে তলিয়ে গেছে, একজন মানুষ মারা গেলে লাশ নিয়ে যাওয়ার উপায় নেই। অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রিজ সংলগ্ন মাঠটি খালি করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।
ব্যবসায়ী জাকির খান জাকারিয়া বলেন, কুশিয়ারা নদীর শেরপুর ব্রিজের পূর্ব পাশে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর তীর ভেঙে যাচ্ছে। এতে শেরপুর ব্রিজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অবৈধ বালু পরিবহন করায় নতুন বস্তি গ্রামবাসী এবং আজাদ বখত উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সীমাহীন সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। গ্রামের ভেতরের রাস্তাঘাট ভেঙে গিয়ে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী।
ব্যবসায়ী সৈয়দ হুমায়েল বলেন, শেরপুর বালু ব্যবসার একটি কেন্দ্র হয়ে গেছে। অবৈধ হলে এগুলো বন্ধ করা দরকার। জাহাঙ্গীর আলম বলেন, আমি তাদের সাথে ব্যবসায় জড়িত নই। নদীর তীরে বালুর মাঠ হওয়ায় পানি প্রবাহিত হয়ে তীর ভেঙ্গে নদীতে তলিয়ে গেছে। এ ব্যাপারে অভিযুক্ত এমরান আহমদ বলেন, ব্রিজের নিচের মাঠ আমার নয়। আমার মাঠ ব্রিজ থেকে ৩শ মিটার দূরে। আমার মাঠ বন্ধ রয়েছে।
চায়না রেলওয়ে ফার্স্ট গ্রæপ এর সহকারী কর্মকর্তা মি. লিও বলেন, ব্রিজের নিচের বালুর মাঠ আমাদের নয়, এটা সাপ্লাইয়ারদের। আমরা বালু উত্তোলন করি না, সাপ্লাইয়াররা করে থাকে। স্থানীয় ইউপি সদস্য রাজন খান বলেন, শেরপুর ব্রিজের নিচে সরকারি যায়গায় এ আর এন্টারপ্রাইজ ও চায়না কোম্পানি মাঠ তৈরি করে বালু সংরক্ষণ করছে। এতে নদীর তীর ও নতুন বস্তি গ্রামের রাস্তা ভেঙে তলিয়ে যাচ্ছে।
খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বলেন, শেরপুরজুড়ে একটাই আলাপ- বালু তোলায় নদীর তীর ভেঙে যাচ্ছে। আমি বিষয়টি এসিল্যান্ডসহ তহসিলদারকে জানিয়েছি। বালু উত্তোলনের জন্য প্রায় ৫শ পরিবারের রাস্তা তলিয়ে গেছে। হুমকির মুখে আছে শেরপুর ব্রিজ ও নতুন বস্তি গ্রাম। গ্রামের একজন মানুষ মারা গেলে লাশ নিয়ে বের হওয়ার উপায় নেই। বালু উত্তোলনের জন্য নদীর তীর ও গ্রাম ভেঙে তলিয়ে যাচ্ছে। এটা দ্রæত বন্ধ করা উচিৎ।
ইউনিয়ন ভ‚মি উপ-সহকারী কর্মকর্তা প্রদীপ কুমার গাইন বলেন, কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন ও ব্রাহ্মণগ্রাম মোৗজায় সংরক্ষণের জন্য সরকারের অনুমতি নেই। এখানে ৬/৭টি মাঠে অবৈধভাবে উত্তোলনকৃত বালু সংরক্ষণ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন পাঠিয়েছি।
মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) সানজিদা আক্তার বলেন, আমিতো এক-দেড় মাস হয়েছে জয়েন করেছি। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন চৌধুরী বলেন, এটাতো এসিল্যান্ড দেখেন। আপনি আমাকে মেসেজ পাঠান। তারপর কোন জায়গা আমি দেখবো।
জৈন্তাবার্তা / সুলতানা




