সিলেটের জৈন্তাপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২৩ বোতল বিদেশি মদসহ একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত সেনা ক্যাম্প সংলগ্ন এলাকায় তামাবিল মহাসড়কে অভিযান চালায় সেনাবাহিনীর টহল দল। এ সময় ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদের নেতৃত্বে টহল দল দরবস্ত বাজার এলাকায় পিউরিয়া সুইটস এর সামনে একটি নাম্বার প্লেটবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে সিগন্যাল দিলে তাৎক্ষণিক গাড়ি রেখে চালক পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ২৩ বোতল এসি ব্ল্যাক ব্রান্ডের বিদেশি মদ ভর্তি একটি কার্টন উদ্ধার করা হয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এসে আটককৃত বিদেশি মদসহ অটোরিকশা জব্দ করে। পুলিশ জানায়, জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য প্রায় দুই লক্ষ তেইশ হাজার টাকার সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত একজনকে আসামি করে মামলা দায়ের করেছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
জৈন্তা বার্তা/আরআর




