বাংলাদেশিদের জন্য খুলল ত্রিপুরার হোটেল-রেস্তোরাঁর দরজা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ PM

বাংলাদেশিদের জন্য খুলল ত্রিপুরার হোটেল-রেস্তোরাঁর দরজা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০১:৩০:১৫ AM

বাংলাদেশিদের জন্য খুলল ত্রিপুরার হোটেল-রেস্তোরাঁর দরজা


ভারতের ত্রিপুরা রাজ্যের হোটেল ও রেস্তোরাঁর মালিকরা বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। ত্রিপুরার হোটেল এবং রেস্তোরাঁ মালিক সমিতি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বলে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে। 

অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বলেছে, মেডিক্যাল ভিসা নিয়ে আসা ব্যক্তিদের আবাসন এবং পরিষেবা দেওয়া হবে। তারা বাংলাদেশ থেকে আসা অতিথিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও অস্বীকার করেছে।

ত্রিপুরা ও কলকাতার বেশির ভাগ হোটেল ও রেস্তোরাঁর ব্যবসার প্রধান গ্রাহক বাংলাদেশি পর্যটকরা। পরিস্থিতি বুঝতে পেরে এটিএইচআরওএ বলেছে, মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্টে আতিথেয়তা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

গত সোমবার বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নিপীড়ন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারসহ ভারতীয় পতাকার অবমাননার অভিযোগে ত্রিপুরায় বিক্ষোভ করে ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের কর্মী-সমর্থকরা। ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা-ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটে।

সেদিনই বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার কোনো হোটেল ও রেস্তোরাঁয় জায়গা দেওয়া হবে না বলে ঘোষণা দেয় এটিএইচআরওএ। তারা বলেছে, ‘জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তার নীতির মাঝে ভারসাম্য বজায় রাখার স্বার্থে আমাদের ঘোষিত নিষেধাজ্ঞা সংশোধন করা হয়েছে।

এ ছাড়া দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশে একটি বাসে হামলা ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। তবে ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্ব রোডে।

মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, তিনি বাসে হামলার তথ্য পেয়েছেন এবং এ বিষয়ে আরো তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।

তিনি বলেন, ‘আমি শনিবার (৩০ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে আগরতলা থেকে যাত্রী নিয়ে কলকাতাগামী একটি বাসের হামলার খবর পেয়েছি। আমি বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের চেষ্টা করছি।’ 

জৈন্তা বার্তা/আরআর