সিলেটের মিরাবাজারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ব্যবস্থাপক রুমেল সিদ্দিক
বিয়ে করেছেন মাত্র আড়াই বছর আগে। দেড় বছরের শিশুসন্তান আদনান ঘরকে আলোকিত করে রেখেছে। কিন্তু সে ঘরে অন্ধকারের ছায়া নেমে এসেছে এক দুর্ঘটনায়।
সিলেট নগরীর পূর্ব মিরাবাজারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন ব্যবস্থাপক রুমেল সিদ্দিকী (২৮)। তার মৃত্যুতে মা-বাবা, ৮ ভাই বোন, স্ত্রী ও শিশুসন্তান ভেসেছেন অথৈ সাগরে। কারণ, তিনি ছিলেন পরিবারের প্রথম সন্তান এবং উপার্জনক্ষম একমাত্র সদস্য।
সোমবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান রুমেল। তিনি সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলার আব্দুল গণির (৬৫) ছেলে। ৯ সন্তানের মধ্যে রুমেল ছিলেন প্রথম সন্তান। সম্প্রতি সিলেট এমসি কলেজ থেকে স্নাতকোত্তরে পড়াশোনা শেষ করেছেন তিনি।
এসব তথ্য নিশ্চিত করেছেন রুমেলের চাচাতো ভাই আহমেদ শাহনুর। এদিকে, রুমেল সিদ্দিকীর লাশ এখন হাসপাতালে রয়েছে। বিকেল ২টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে রওয়ানা দেবে পরিবার। রাতে সিলেটে পৌঁছে দাফনের উদ্যোগ নেওয়া হবে।
শাহনূর বলেন, চাচা আব্দুল গণির বড় ছেলে ছিলেন রুমেল। ৪ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। দুই বোন বিয়ে হয়েছে। ছোট ভাই এসএসসি পাস করেছে সম্প্রতি। বাকিরা সবাই আরও ছোটো।
তিনি আরও জানান, আড়াই বছর আগে বিয়ে করেন রুমেল। তার ঘরে দেড় বছরের একটি ছেলেসন্তান রয়েছে। নাম আদনান। সে এখনও বুঝতে পারছে না বাবা মারা গেছেন। পরিবারের সবার কান্না দেখে শিশুটি চিৎকার করে উঠছে।
বিমানবন্দর কোরবানটিলায় রুমেলদের বাড়িতে এখন স্তব্ধতা বিরাজ করছে। প্রতিবেশি ও স্বজনরা আসছেন পরিবারের সদস্যদের শান্তনা দিতে। হাউমাউ কান্নায় ভেঙে পড়ছেন সবাই। তাদের আর্তনাদে পরিবেশ ভারি হয়ে উঠছে।
বয়ঃবৃদ্ধ বাবা-মা প্রথম সন্তানকে হারিয়ে নির্বাক। বাবা আব্দুল গণি কাঁদছেন আর বলছেনÑ ‘আমার পরিবারের সবচেয়ে নির্ভর করার জায়গাটি খালি হয়ে গেল।’
দেড় বছরের শিশুসন্তান আদনানের দিকে তাকিয়ে সবাই আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন। ফুটফুটে শিশুটি জন্মের পরপরই এতিম হয়ে গেল। তাঁর বা দায়িত্ব নেবে কে।
শাহনুর জানিয়েছেন, রুমেলের স্ত্রী স্নাতক পর্যন্ত লেখাপড়া করেছেন। তবে তিনি এখনও কোনো চাকরি করছেন না।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরীর মিরাবাজারস্থ বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৭ জন ফিলিং স্টেশনের কর্মচারী ও ২ জন পথচারী। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অগ্নিদগ্ধদের শরীর ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরদিন ৬ সেপ্টেম্বর দগ্ধ ৯ জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়।
দগ্ধরা হলেন- শাহপরান এলাকার বাসিন্দা ও পাম্প কর্মচারী মিনহাজ আহমদ, ইমন, মুহিন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের বাদল দাস, সদর উপজেলার জাঙ্গাল এলাকার তারেক আহমদ, একই এলাকার রুমান, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া, একই গ্রামের লুৎফুর রহমান।
ফিলিং স্টেশনের মালিক আফতাব আহমদ লিটন জানান, সন্ধ্যার পর কার্যক্রম শেষ করে সবাই পাম্প বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কমপ্রেসর কক্ষের একটি বাল্ব চেক করার সময় বিস্ফোরণ ঘটে।
SH




