সিলেট নগরীর মিরাবাজারে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত রুমেল
সিলেট নগরীর মিরাবাজারের দাদাপীর মাজারস্থ বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া রুমেল সিদ্দিকের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টায় সিলেটের পাঠানটুলা কোরবানটিলা মসজিদে জানাযা শেষে স্থানীয় করবস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা থেকে তার লাশবাহী গাড়ি বাড়িতে পৌঁছায়। এ সময় বাড়িতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজন-প্রতিবেশিরা।
রুমেলের চাচাতো ভাই আহমেদ শাহনূর জানান, সোমবার রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রুমেলের মৃত্যু হয়। তিনি বিরতি ফিলিং স্টেশনের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় স্টেশনে হঠাৎ বিস্ফোরণ হলে তিনিসহ ৭জন কর্মচারী ও ২ জন পথচারী দগ্ধ হন। তাদের শরীরের ১৫-৪০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়। চার জনের অবস্থা সঙ্কটাপন্ন। এর মধ্যে ১১ সেপ্টেম্বর রুমেলের মৃত্যু হয়।
জানা গেছে, রুমেল ছিলেন ৯ ভাই বোনের মধ্যে প্রথম। তিনি বিয়ে করেছেন মাত্র আড়াই বছর আগে। দেড় বছরের শিশুসন্তান রয়েছে তার ঘরে। রুমেল কোরবানটিলার আব্দুল গণির (৬৫) ছেলে এবং উপার্জনক্ষম একমাত্র সদস্য। সম্প্রতি সিলেট এমসি কলেজ থেকে স্নাতকোত্তরে পড়াশোনা শেষ করেছেন তিনি।
প্রথম ও একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে রুমেলের বয়ঃবৃদ্ধ বাবা-মা নির্বাক। বাবা আব্দুল গণি কাঁদছেন আর বলছেন- ‘আমার পরিবারের সবচেয়ে নির্ভর করার জায়গাটি খালি হয়ে গেল। দেড় বছরের শিশুটি এখন কার জিম্মায় রাখবো।’
রুমেলের ছেলে দেড় বছরের আদনানের দিকে তাকিয়ে সবাই আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন। ফুটফুটে শিশুটি জন্মের পরপরই এতিম হয়ে গেল। সে এখনও জানে না বাবা নেই। সবাই কাঁদছেন দেখে সেও চিৎকার করে উঠছে।
SH




