ফাইল ছবি
সারাদেশে এডিসবাহিত জ্বর ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকহারে বাড়ছে। সিলেটেও প্রতিদিন ১০-১৫ জনের ডেঙ্গু শনাক্ত হচ্ছে। তবে, এখনও অনেকে এ বিষয়ে সচেতন নন। কেউ কেউ স্বাভাবিক জ্বর বলে বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না। আবার চিকিৎসার খরচের কথা চিন্তা করেও অনেকে দূরে থাকছেন। তাই, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নেয়ে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সুযোগ দিচ্ছে সিলেট সিটি করপোরেশন।
নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো এবং কুমারাপড়াস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।
জ্বর হলে এসব স্থানে গিয়ে পরীক্ষা করিয়ে সচেতন থাকতেন নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে অন্তত ১০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশত।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, চলতি বছরের জানুয়ারিতে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ওই মাসে সিলেটে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরে ফেব্রুয়ারি-মার্চে না থাকলেও এপ্রিল-মে মাসে একজন করে শনাক্ত হন।
জুন-মাসে ৫৯ জন আক্রান্ত হলেও জুলাইয়ে ডেঙ্গু রূপ নেয় মারাত্মক আকারে। ওই মাসে আক্রান্ত হন ৩৮২ জন, আর গত মাসে (আগস্ট) ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। আর সেপ্টেম্বর মাসের ১২ দিনে আক্রান্ত হয়েছেন ১১৪ জন।
গত জানুয়ারি থেকে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত বিভাগে ১ হাজার ৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এ অবস্থায় সিলেট মহানগরে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রচারণা। এরই ধারাবাহিকতায় মাইকিং, লিফলেট বিতরণ ও অবহিতকরণ সভা করছে সিসিক। চালাচ্ছে মশকনিধন কার্যক্রম।
SH




