ছবি: সংগৃহীত
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত মুখপোড়া হনুমানটি মারা গেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ হনুমান মারা যায়।
গত ৪ সেপ্টেম্বর সকালে সিলেট বিমানবন্দরসংলগ্ন কাকুয়ারপাড় এলাকায় সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে মুখপোড়া একটি হনুমান উদ্ধার করেন রিপন কুমার দেব (৩৩) নামের এক ট্রাকচালক। হনুমানটি বিদুৎস্পৃষ্ট হয়ে প্রায় ৩৫ ফুট উপর থেকে পড়ে আহত হয়েছিল। এটি অন্তঃসত্ত্বা ছিলো। রিপন এটিকে সেবা দিয়ে কিছুটা সুস্থ করে তুলেন। ৫ সেপ্টেম্বর বিকেলে হনুমানটি একটি গাছে উঠলে নিচে পড়ে ফের আহত হয়। এ সময় এটি অপরিণত একটি মৃত বাচ্চা জন্ম দেয়। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়ে হনুমানটি।
হনুমানটির চিকিৎসায় এগিয়ে আসেন পরিবেশবাদী আশরাফুল কবীর। পরে এটি তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএমসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করান। তবে এটি শারীরিক অবস্থা সময় সময় আরও খারাপ হচ্ছিল। হনুমানটির শরীরে অস্ত্রোপচার করা হলেও গত সোমবার থেকে এটি খাওয়াদাওয়া ছেড়ে দেয়। সর্বশেষে বৃহস্পতিবার সকালে হনুমানটি মারা যায়।
হনুমানটিকে বাঁচাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন প্রাধিকারের কর্মীরা সাধ্যমতো চেষ্টা করেছিলেন। কিন্তু বাঁচানো যায়নি এটিকে, তাই প্রাধিকবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন।
এম সি




