জৈন্তাপুরে প্রবাসীকে হত্যাচেষ্টায় আটক ফেরদৌস
জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি যাত্রাপুর গ্রামে পরকীয়ার জেরে প্রবাসী স্বামী মিনহাজ উদ্দিনকে (৩০) হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হরিপুর ৬ নম্বর কূপ এলাকার আবদুল্লার মেয়ে মনিরা বেগম (২২) ও পরকীয়া প্রেমিক, উপজেলার চিকনাগোল ইউনিয়নের পশ্চিম ঠাঁকুরের মাটি এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে ফেরদৌস রহমান চৌধুরী (২৫)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে মনিরা ও তার পরকীয়া প্রেমিক ফেরদৌস মিলে প্রবাস থেকে আসা স্বামীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দুজন পরকীয়া ও মিনাজকে হত্যাচেষ্টার বিষয়টি স্বীকার করেছে।
আহত মিনহাজ উদ্দিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার বাবা নূর মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
নূর মিয়া জানান,ওমান প্রবাসী তার ছেলে মিনহাজের সাথে দুই বছর আগে উপজেলার ফতেহপুর ইউনিয়নের হরিপুর ৬ নম্বর কূপ এলাকার আবদুল্লার মেয়ে মনিরা বেগম (২২) এর বিয়ে হয়। সম্প্রতি দেশে ফিরেছেন মিনহাজ। শুক্রবার রাতে স্বাভাবিক অন্যান্য দিনের মতো তিনি ঘুমাতে যান। রাত দুইটার দিকে মিনহাজের ছোট চাচা মিনহাজের ঘর থেকে গুঙরানোর আওয়াজ শুনতে পান। তাৎক্ষণিক তিনি বাড়ির সবাইকে ডেকে তুলে মিনহাজের ভিতর থেকে বন্ধ করা ঘরের দরজায় ডাকাডাকি করতে থাকেন।
বেশ কিছুক্ষণ পর পুত্রবধূ মনিরা দরজা খুললে মিনহাজকে কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় এবং গলা ও পায়ে ওড়না দিয়ে পেঁচানো মুমূর্ষু অবস্থায় দেখতে পান। তখন রুমের অন্য দরজা ভিতর থেকে লাগানো দেখতে পেয়ে সেটি খোলার চেষ্টা করেন। পরে, দরজা ভেঙে ভেতরে ঢুকে রান্না ঘরের চিমনিতে লুকিয়ে থাকা ফেরদৌসকে দেখতে পান। তারা দুজনকে আটক করে পুলিশে খবর দেন এবং মিনহাজকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক রসূল মিয়ার নেতৃত্বে ঘটনাস্হলে এসে পরকীয়া প্রেমিক ফেরদৌস রহমান চৌধুরী (২৫) ও স্ত্রী মনিরাকে কে আটক করে পুলিশ ।প্রাথমিক জিজ্ঞাসাবাদের তাদের মাঝে পরকীয়ার বিষয়টি তারা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় প্রেমিক ফেরদৌস ও স্ত্রী মনিরাকে আসামি করে রাতেই মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন,‘পরস্পর সহযোগিতায় ভিকটিমকে মারধর করে জখম করা হয় এবং তাকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালানোর স্বীকার করেছে তারা। শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’
SH




