ছুরিকাঘাতে নিহত মোহাম্মদ সাদিক (২৪)
সিলেটের দক্ষিণ সুরমাস্থ কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় হেলপারের ছুরিকাঘাতে বাস চালক খুন হয়েছেন। নিহত মোহাম্মদ সাদিক (২৪) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ৫ম খণ্ড দরগাটিলা এলাকার আব্দুল লতিফের ছেলে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন তাজমহল হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
জৈন্তা বার্তাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম। তিনি জানান, জাফলং থেকে বাস নিয়ে ফেরার পর আদায় করা ভাড়ার টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বের জেরে হেলপার শাকিলের ছুরিকাঘাতের শিকার হন সাদিক। গলার নিচে ও বাম উরুতে এলোপাতাড়ি ছুরিকাঘাতের কারণে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাদিক। পরে বাসস্ট্যান্ডের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতলে নিয়ে যান। সেখানে তাকে না রাখলে পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার মামলা হয়েছে জানিয়ে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) জানান, হামলাকারী শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
SH




