ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল (র.) এর মাজারকে ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হচ্ছে। এ জন্য ৩০ কোটি টাকার একটি বড় প্রকল্প গ্রহণ করেছে সিলেট সিটি করপোরেশন। এ প্রকল্পের আওতায় সংস্কার হবে মাজার, গড়ে উঠবে তিনটি বহুতল ভবন। এ জন্য ২ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা নিয়েছে সিসিক। বহুমুখি এ পরিকল্পনা বাস্তবায়ন হলে গোটা দরগাহ এলাকা হয়ে উঠবে এক নান্দনিক সৌন্দর্যের প্রাণকেন্দ্র।
সিলেট সিটি করপোরেশন সুত্রে জানা গেছে, পূণ্যভূমি সিলেটের মূল আকর্ষণ হযরত শাহজালাল শাহজালাল (র.) এর দরগাহ। দিন দিন এই দরগাহকে ঘিরে সিলেটে দর্শনার্থী ও পর্যটকদের সংখ্যা বাড়ছে। আলেম-ওলামা, ভক্ত, পীর, ফকির, দরবেশ ভিক্ষুকদের উপস্থিতি দ্বিগুণ ছাড়িয়ে গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বাসযোগে হাজার হাজার দর্শনার্থী আসেন সিলেটে। আগের তুলনায় হোটেল মোটেল বেড়েছে দরগাহ এলাকায়। ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটেছে। এত মানুষের অবস্থান, নিরাপত্তা, পরিবেশ নিয়ে রীতিমতো ত্রাহি দশায় পড়েন সংশ্লিষ্টরা। বিশেষ করে আবাসিক এলাকার বাসিন্দারাও বহিরাগতদের নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেন। এমনি পরিস্থিতিতে দরগা এলাকাকে ঘিরে একটি মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেন মেয়র আরিফুল হক চৌধুরী।
নগর ভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হযরত শাহজালাল র. এর আগমন পর থেকেই মাজারে দাফন হয়ে আসছে। এখানে কী পরিমান লাশ দাফন হয়েছে তা কেউ বলতে পারছেন না। তবে একেকটি কবরের স্থলে জানামতেই ৫/১০টি কবর রয়েছে। সর্বশেষ মাটি ভরাট করে বারবার কবরের পরিবেশ তৈরী করা হয়েছে। এখন কবর দিতে হিমশিম খেতে হয় মাজার কর্র্তৃপক্ষকে। যে কারণে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এ বিষয়টি নগর কর্তৃপক্ষকে অবগত করেন। এরই সঙ্গে সিলেট নগরের এই ওলির মাজারে আসা লোকজনকে নানা ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার উপর গাড়ি রাখার কারণে মুল সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দরগাহ এলাকার ভেতরে একটি প্রাচীন মাদরাসা রয়েছে। সেখানকার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসিক সুবিধা না থাকায় তারাও নানা সমস্যার সম্মুখিন হন। দিবারাত্রি আগত পর্যটক এবং ধর্মপ্রাণ মানুষদের পাশাপাশি কিছু অবাঞ্চিত লোকও সে এলাকায় অবস্থান করে থাকেন। ফলে অনেক সময় শৃংখলা রক্ষার দায়িত্বে থাকা লোকজনও নানা বিপত্তিতে পড়েন। এসব বিবেচনায় রেখেই একটি বৃহৎ প্রকল্প তৈরী করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৩০ কোটি টাকা।
সে প্রকল্পটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড় পেলেই প্রকল্পের কাজ শুরু হবে। এ প্রল্পের আওতায় হযরত শাহজালাল র. এর মাজারকে মানিকপীর (র.) এর মাজারের মতো সংস্কার করা হবে। মাজারের মুল ফটকে একটি বহুতল বিশিষ্ট পার্কিং জোন গড়ে তোলা হবে। যাতে করে দরগায় আসা লোকজনের গাড়ি আর রাস্তায় না থাকে। এই ভবনের পাশেই গড়ে তোলা আরেকটি ভবন। যেখানে থাকবে কাউন্সিলরের কার্যালয়ের পাশাপাশি আরেকটি কমিউনিটি হল। এছাড়া মাদরাসা শিক্ষার্থীদের জন্য একটি আবাসিক ভবনও তৈরী হবে এ প্রকল্পের আওতায়।
এ ব্যাপারে সিলেটে সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী জৈন্তা বার্তা’কে গতকাল বলেন, দরগাহ এলাকাকে ঘিরে এ প্রকল্প তৈরী করা হয়েছে ঠিক। এটি বাস্তবায়ন হলে এলাকার সৌন্দর্য বাড়বে। দর্শনার্থী ও এলাকাবাসীর নিরাপত্তা বাড়বে। মাজারে লাশ দাফন নিয়ে জটিলতা দূর হবে। এছাড়া মুল সড়কেও একটি শৃংখলা আসবে।
তিনি জানান,মাজারে আগত যেসব নারী পূরুষ খোলা ময়দানে রাত যাপন করেন তাদেরকে আর খোলা জায়গায় ফুটপাতে থাকতে হবে না। দর্শনার্থীরে জন্য তাদের জন্য ৫০টি বাথরুম নির্মাণ করা হবে। প্রকল্পের জন্য গেইট এলাকায় ২ একরের বেশী জমি অধিগ্রহণ করা হবে। যাতে পাির্কং ভবনসহ গৃহিত পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। তিনি বলেন সব মিলিয়ে যদি প্রকল্পটি বাস্তবায়ন করা যায় তাহলে দরগাহ’র সৌন্দর্য আরও বাড়বে। হবে আরও দৃষ্টিনন্দন।
এ প্রকল্প প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকেশৈলী আলী আকবর জৈন্তাবার্তা’কে বলেন, ১নং ওয়ার্ডের এই প্রকল্পটির টেন্ডার হয়ে গেছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।
এম সি




