ফাইল ছবি
সরকার নির্ধারিত মূল্যে ডিম, আলু ও পিয়াজের বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নগরের কালিঘাটে বাজার তদারকি করতে গিয়ে মূল্য তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের (মেট্রো) সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্তের নেতৃত্বে অভিযানের সময় সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় সিলেট মহানগর পুলিশের একটি দল ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে প্রথম বারের মতো আলু, পিঁয়াজ ও ডিমের মূল্য নির্ধারণ করে দেয় সরকার। প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ডিমের পাশাপাশি পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আলুর দাম হবে ৩৫ থেকে ৩৬ টাকা ভোক্তাপর্যায়ে। আর পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় তিনি আরও জানান, ভোক্তা অধিকার মাঠে থেকে বাজার মনিটরিং করবে।
কিন্তু দাম নির্ধারণ করে দিলেও বাজারে এই তিন পণ্য অনেক বেশি দামে বিক্রি হচ্ছিল। তাই, সোমবার সিলেটে বাজার মনিটরিং শুরু করেছে ভোক্তা অধিদপ্তর।
SH




