বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ : গুতেরেস
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ : গুতেরেস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ০২:২৪:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ : গুতেরেস

ছবি সংগৃহীত


বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) এক এক্স বার্তায় এ মন্তব্য করেন তিনি।

এক্স বার্তায় তিনি বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে।’

এর আগে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব। এর পর এক্সে এক বার্তায় তিনি ওই কথা জানান। বার্তাটি জাতিসংঘের ঢাকা কার্যালয়ের ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

এদিকে দুপুর ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে তিনি কক্সবাজারে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন। 

কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, আজ দুপুর ১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবকে বহনকারী বিমান। 

জৈন্তা বার্তা/আরআর