সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নে দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে তাদের আটক করা হয়।
আটক হওয়া তিন যুবক হলেন- উপজেলার বালিজুড়ি নয়াহাটি গ্রামের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), জাহাঙ্গীরের ছেলে তৌশিক মিয়া (২২) ও আলমগীরের ছেলে মারুফ মিয়া (২১)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল উপজেলার বালিজুড়ি এইচ এ উলুম সিনিয়র মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে মুচি বাড়ির সামনে দুই ছাত্রীর পথরোধ করে দাঁড়ান ওই তিন যুবক। এ সময় তারা অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকেন। খবর পেয়ে ছাত্রীর চাচা ঘটনাস্থলে এলে যুবকরা তার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগী ছাত্রীদের আত্মীয়-স্বজনরা জানান, ঘটনার পর থেকে দুই ছাত্রী ভয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। এ ঘটনায় তাহিরপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন দুই ছাত্রীর চাচা।
বালিজুরী এইচ এ উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ হারিছ উদ্দিন বলেন, ঘটনার দিন ছাত্রীরা অভিযোগ করলে আমরা খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাই। পরে সঙ্গে সঙ্গে ইউএনও ও থানার ওসিকে অবহিত করি। বর্তমানে ওই দুই ছাত্রী মাদ্রাসায় আসছে না।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
জৈন্তা বার্তা/আরআর




