ছবি : সংগৃহীত
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ আবেদন করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের হাতে আসা চিঠিতে দেখা যায়, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে আবেদনটি পাঠিয়েছেন। এতে শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবর উল্লেখ করে নতুন পরিচয়পত্র ও পাসপোর্ট ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক যোগাযোগের প্রথম ঘটনা হিসেবে এটিকে দেখছে রয়টার্স। এর আগে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন।
শেখ হাসিনার নতুন আবেদন নিয়ে মন্তব্য জানতে বাংলাদেশের হাইকমিশন ও প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। একই সঙ্গে তাকে আশ্রয় দেওয়া নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে তৈরি হওয়া টানাপড়েন কমানোর ক্ষেত্রেও বিষয়টি প্রভাব ফেলতে পারে।
জৈন্তাবার্তা/আরআর




