রোদ উঠায় মাঠে কাজে নেমেছেন কৃষকরা
টানা এক সপ্তাহ ভারী বৃষ্টিপাতের পর রোদের দেখা মিলেছে। মঙ্গলবার সকাল থেকে রোদ হেসে উঠেছে। টানা বৃষ্টিতে জনজীবনে দেখা দিয়েছিলো স্থবিরতা। বৃষ্টি আর ঢলের পানিতে সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের নিন্মাঞ্চল প্লাবিত হয়ে পরে। তলিয়ে যায় ফসলের মাঠ।
তবে এক সপ্তাহ পর বৃষ্টি থামায় স্বস্থি ফিরেছে উপজেলাবাসীর। ফিরেছে কর্মচাঞ্চল্যও।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে রোদের দেখা পাওয়ায় কাজে ফিরেছেন শ্রমজীবীরা। স্কুল-কলেজে বেড়েছে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি। ঘরে থাকা গুমোট পড়া কাপড় শুকাতে ব্যস্ততা বেড়েছে গৃহিণীদের।
গত এক সপ্তাহের বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে জীবিকার টানে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষকে। নিম্নাঞ্চল হয়েছে প্লাবিত। বৃষ্টিতে পানি জমে গেছে সবজি ও আমন ক্ষেতের জমিনে।
শেষমেষ রোদ হেসে উঠান জমি থেকে পানি নেমে যাওয়ার আশা করা হচ্ছে।
এদিকে উপজেলার সড়কে যানবাহন চালকরা জানান, গত কয়েকদিন বৃষ্টির কারণে যাত্রী কমে গিয়েছিলো। তবে আজ অন্যান্য দিনের চেয়ে সড়কে সাধারণ যাত্রীদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে । এছাড়া খেটে খাওয়া মানুষেরাও মাঠে ঘাটে কাজে নেমে পড়েছে। ফসলের ক্ষেতে সকাল থেকেই কৃষকেরা পরিচর্যায় নেমেছেন।
স্থানীয় কৃষক আব্দুল লতিফ বলেন, দুই বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। সাত দিনের বৃষ্টি ৭০ ভাগ চারা নষ্ট করে ফেলেছে। আবারও তিনি পরিচর্যায় নেমেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এবার উপজেলায় ১৭৭৩৩ হেক্টর জমিতে আমন ফসলের আবাদ হয়েছে। টানা ভারী বৃষ্টি পাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আংশিক ভাবে ১০৯৬ ও সম্পূর্ণভাবে ৪৯৬ হেক্টর আমনের ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া ১৯ হেক্টর নাগা মরিচসহ শীতকালীন সবজি তলিয়ে গেছে।
ডি ডি




