নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘টোকেনে’ অটোরিকশা চলে মহাসড়কে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘টোকেনে’ অটোরিকশা চলে মহাসড়কে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/১০/২০২৩ ০৫:২৫:৩৪ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘টোকেনে’ অটোরিকশা চলে  মহাসড়কে

সিলেট-ঢাকা মহাসড়কে অবাধে চলছে অটোরিকশা, বাড়ছে ঝুঁকি


মহাসড়কে অটোরিক্সা ও ব্যাটারি চালিত ইজিবাইক ( টমটম ) চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঢাকা - সিলেট মহাসড়কে তা মানা হচ্ছে না। ওসড়কের ওসমানীনগর উপজেলা অংশে দেদারছে চলছে এসব যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

নিষেধাজ্ঞা থাকলেও মহাসড়কের পাশেই রয়েছে অটোরিক্সা স্ট্যান্ড।  টমটমগুলো মহাসড়কের ফুটপাত রাখে দখলে, চলে নিজেদের নিয়মে। 

 জানা যায় , উপজেলার গোয়ালাবাজার, তাজপুর, দয়ামির, উনিশ মাইল এবং সাদিপুরে মহাসড়কের আশেপাশে রয়েছে একাধিক অটোরিক্সার (সিএনজি) স্ট্যান্ড। তাদের রয়েছে আলাদা আলাদা ইউনিয়ন বা সমিতি। এসব সমিতিতে  রেজিস্ট্রেশনকৃত এবং রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা মালিকদের  কাছ থেকে নেওয়া হয় ভিন্ন ভিন্ন হারে টাকা।  এছাড়াও থানা পুলিশকেও দিতে হয় মাসোহারা।  

মহা সড়কে চলাচলের জন্য ‘সাংকেতিক চিহ্ন’ হিসেবে মিলে স্টিকার নয়তো টোকেন। এসব সাংকেতিক চিহ্ন বা স্টিকার লাগানো থাকলে অবাধে চলাচল করতে পারে সিএনজি।  

  আলাপকালে  একাধিক অটোরিকশা চালক জানান,  সাংকেতিক চিহ্ন ব্যবহার না করলে মহাসড়কে গাড়ি চালানো সম্ভব নয়। আবার কারো কারো পকেটে থাকে টোকেন। এসবের জন্য মাস প্রতি টাকা গুণতে হয়।  

একাধিক সূত্রে জানা যায় , মহাসড়কে চলাচলকৃত সিএনজি এবং টমটমগুলোর মালিকানায় রয়েছেন অনেক প্রভাবশালী ব্যাক্তি। মাঝেমধ্যে অভিযানের নামে আইওয়াশ করা হলেও প্রভাবশালী সিন্ডিকেটের ঈশারায় চলে এসব যান। 

  এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্য পরিমল দেব বলেন , মহাসড়কে অটোরিকশা ও টমটম চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত কাজ করছে। অবৈধভাবে মহাসড়কে চলাচলের জন্য মামলা দেওয়া হয়  কিন্তু মামলার পর আবার চলে আসে। 

টোকেনের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, এসব ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশ অবগত নয়। 

মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক  ( টমটম ) চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে তাই এগুলো জব্দ করা হয়। শুধু প্রশাসন নয় এসব বন্ধে সকলের সার্বিক সহযোগিতারও প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

ডিডি