জলাবদ্ধতায় ঘরে ঘরে বিনষ্ট কোটি টাকার সম্পত্তি : দায় নেবে কে?
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

জলাবদ্ধতায় ঘরে ঘরে বিনষ্ট কোটি টাকার সম্পত্তি : দায় নেবে কে?

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ১১/১০/২০২৩ ১২:৫৫:১৮ অপরাহ্ন

জলাবদ্ধতায় ঘরে ঘরে বিনষ্ট কোটি টাকার সম্পত্তি : দায় নেবে কে?

ছবি : নিজস্ব


শুক্রবার গভীর রাত থেকে শনিবারের দুপুর। আমাদের নীচতলা বাসায় বানের পানির ভয়াবহ মরণ! ঘুমন্ত সময়ে এই ঢলের আঘাতে ক্ষত বিক্ষত আমার ঘর, সংসার। এই নজিরবিহীন ক্ষতির পরিমাণ, পরিমাপ করার সাধ্য আমার নেই। ক্ষয়ক্ষতির বিষয়ে কাউকে দায়ী করে বিচার চাওয়ারও জায়গা নেই! এ যে সিলেট নগরবাসীর মতো আমারও নিয়তি। কয়েকদিন ভারী বর্ষণ হলেই যে শহর পানিতে ভেসে যায়, সেই শহরের কোনো অভিভাবক আছেন বলে আমার মনে হয় না! বর্ষণ আর ঢলে যে শহর ডুবে যায়, সেটা কি মানুষের বসবাসের শহরনা হাওর, জানতে খুব ইচ্ছে হয়। সারাজীবন এই শহরবাসীর নিরাপত্তা, শান্তি, উন্নয়ন অগ্রগতি ও অধিকার নিয়ে লিখেছি। আজ আমার অধিকার নিয়ে আমি কী লিখবো? কে লিখবে? সেদিন রাত আর পরবর্তী দিনের থৈথৈ পানিতে তিন / চার দশকের জমানো, কষ্টেসৃষ্টে জীবনযাপনের সঙ্গী হিসেবেই রাখা আমার লেখালেখির অমূল্য রসদ, বলতে গেলে এক ধরনের দুর্লভ সংবাদপত্র, অন্যান্য গুরুত্বপূর্ণ পত্র পত্রিকা, সাময়িকী, নিজের হাতের লেখা অবিস্মরণীয় স্মৃতিময় কাগজপত্র সব ভিজে একেবারে নষ্ট হয়ে গেছে। আমার এই ক্ষতি অন্য আরও হাজার হাজার মানুষের ক্ষতির সমান নয়। অন্যান্য মালামাল নষ্ট হয়ে গেলে টাকা দিয়ে কেনা যায়। কিন্তু আমার অমূল্য সম্পদ টাকা দিয়ে কিনে পুষিয়ে নেবার নয়। শনিবারের পর আজই আকাশে রোদের ঝিলিক কিছুটা স্বস্তি এনে দিয়েছে। ভিজে একেবারে নষ্ট হয়ে যাওয়া কাগজ পত্র শুকানোর কাজে ব্যস্ত আমার ঘরনি কবি ইশরাক জাহান জেলি। আরও দুজন কামলা লাগিয়েছেন সবকিছু সামাল দিতে। আর আমি তো দুদিনের পানিতে ভিজে ঠান্ডায় প্রচন্ড সর্দি জ্বরে আক্রান্ত হয়ে পড়েছি।

২০২২ সালের ১৮ জুন শনিবার দিন দুপুরে পানি ঢুকেছিল। তাই কিছুটা সামাল দিতে পেরেছিলাম। কিন্তু শুক্রবার গভীর রাতে ঘুমন্ত সময়ে পানির ঢল সবকিছু তছনছ করে দিয়ে গেছে। কষ্টের এ পংক্তি মালাগুলো সিলেটের জ্যেষ্ট সাংবাদিক আবদুল কাদের তাপাদারের। সামাজিক যোগাযোগ মাধমে দেয়া এ স্ট্যাটাসের সঙ্গে সিলেট নগরের অনেক মানুষেরই কষ্টের মিল আছে।

শুধু তিনি নন, গত তিনদিন আগে সিলেট নগরের যে সব এলাকায় পানি উঠেছে সেসব এলাকার প্রতিটি পরিবারেই এরকম অসংখ্য কষ্টের পান্ডুলিপি জমা হয়েছে। বহু মানুষের ঘরবাড়ি নষ্ট হয়েছে। মালামাল শুধু নয়, অনেকের বাসা বাড়ির ফার্নিচার, মুল্যবান সম্পদ প্রতিনিয়তই নষ্ট হচ্ছে। কিন্তু এ জলাবদ্ধতার পেছনে সুরমা নদীর পানি দায়ী নয়, দায়ী সিলেট নগরের বিভিন্ন ওয়ার্ডের কতিপয় কাউন্সিলর আর সিসিকের কিছু প্রকৌশলী।

নগর ভবন সূত্রে জানা গেছে, প্রায় ৮/১০ মাস আগে সিলেট নগরে জলাবদ্ধতা দেখা দেয়। তখন নগরকর্তা আরিফুল হক চৌধুরী দ্রুত পরিস্তিতি সামাল দিতে বৈঠকে বসেন। প্রকৌশল শাখাকে নির্দেশ দেন নগরের চলমান কাজ দ্রুত সম্পন্নের পাশাপাশি ড্রেন, নালা, খাল, ছড়াগুলোর ময়লা আবর্জনা পরিস্কার করার। তখন শুরু হয় নালা নর্দমা পরিস্কার করার কাজ। এরই মাঝে সিসিকের বাজেট ঘোষণার সময় চলে এলে আবারও জলাবদ্ধতার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে। সিসিক ঘোষিত বাজেটে জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্প খাতে ৪৮০ কোটি টাকা এবং বিভিন্ন ছড়া খনন ও প্রতিবদ্ধকতা অপসারণ প্রকল্পে ১০ কোটি টাকা ব্যয়ের ঘোষণা দেন।

এত বড় অর্থের যোগান নগর কর্তৃপক্ষের থাকার পরও পাড়ায় পাড়ায় জলাবদ্ধতা নগর কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে। এবারের জলাবদ্ধতার সময় সিসিকের মেয়র থেকে শুরু করে কাউন্সিলর কিংবা কর্মকর্তাদের কারোরই কোনো তৎপরতা দেখা যায়নি। ফলে নগরবাসীর মাঝে ক্ষোভ অসন্তোস বাড়ছে। এক নগরে একই সময়ে দুই মেয়র এবং দ্বিগুণ কাউন্সিলর থাকা স্বত্তেও মানুষের এমন দুর্ভোগ ভাবনায় ফেলেছে নগরবাসীকে।

সরেজমিনে দেখা যায় সিলেট নগরের সবচেয়ে জলাবদ্ধতাপ্রবণ এলাকা হিসেবে এক সময়ে ব্যাপক চিহ্নিত বিলপার কুয়ারপারবাসীর দুর্ভোগ এখনও কমেনি। কুয়ারপারের বাসিন্দা নাসরিন নামের এক গৃহবধূ দৈনিক জৈন্তাবার্তাকে বলেন, একটু বৃষ্টি হলেই তারা আতংকে থাকেন। শনি-রোববারের টানা বৃষ্টিতে তাদের বাসায় হাটু পানি উঠে। এসময় কুয়ারপার হাওর এলাকার প্রত্যেকটি বাসা বাড়ীর মানুষ পানিবন্দি হয়ে পড়েন। নগর কর্তৃপক্ষের কেউই দেখতে যাননি সে পরিস্থিতি। সেখানে গিয়ে সরেজমিনে দেখা যায় প্রত্যেকটি ড্রেন পরিস্কার রয়েছে এবং এই ছড়ার শেষাংসে পানি প্রবাহের পথ পুরোপুরি বন্ধ। ফলে লালাদীঘির পার কুয়ারপার এলাকার পানি নালা ছড়া থেকে বেরিয়ে সুরমা নদীতে দ্রুত নামতে পারছেনা।

নগরের বাগবাড়ী, মেডিকেল আবাসিক এলাকার ড্রেন ছড়াগুলোর একই অবস্থা। বিভিন্ন স্থানে ড্রেনে ছড়ায় সিসিকের কাজ চলমান থাকায় সেসব ড্রেনের মুখ বন্ধ রয়েছে। ফলে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ৭ নং ওয়ার্ডের জালালাবাদ আবাসিক এলাকার ড্রেনগুলোও একই সমস্যায় জর্জরিত। ১ নং ওয়ার্ডের পায়রা এলাকার বাসা বাড়িতেও পানি উঠেছে রোববার। সেখানে গিয়ে দেখা যায়, মালনীছড়ার যে অংশ দরগাহ মহল্লা এবং মিয়া ফাজিলচিশত এলাকার মধ্যখান দিয়ে প্রবাহিত হয়েছে সেখানে সিসিকের কাজে বড় ধরণের ঘাপলা হয়েছে। দু’দিকের রিটেইনিং ওয়াল নির্মাণ শেষ হয়েছে। কিন্তু সেখানে ৬৮ নং বাসা থেকে ৭২ নং বাসা পর্যন্ত অংশে রিটেইনিং ওয়াল নির্মাণ হয়নি। ফলে এই অংশ দিয়েই পানি ঢুকেছে মহল্লায়। ঠিকাদারী প্রতিষ্ঠান আর সিসিকের সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজসে এমনটি ঘটেছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। একইভাবে সিলেট নগরের সবকটি এলাকায় জলাবদ্ধতার এমন ভুরি ভুরি গল্প রয়েছে। যদিও এসব ব্যাপারে নগর কর্তৃপক্ষের উদাসীনতা বরাবরই ভাবায় ভুক্তভোগি এসব মানুষদের।

সিলেট নগরে রোববারের জলাবদ্ধতার দায় স্বীকার করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।  জৈন্তাবার্তার পক্ষ থেকে এসব বিষয়ে জানতে চাওয়া হলে তিনি স্বীকার করেন এবারকার জলাবদ্ধতার জন্য সুরমার পানি দায়ী নয়। নগর থেকে সুরমায় পানি নামতে পারেনি। কারণ হিসেবে তিনি বলেন, বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন কাজ চলছে। যেকারণে অনেক ড্রেন নালার মুখ বন্ধ থাকায় পানি বের হতে পারেনি। যার ফলে জলাবদ্ধতা দেখা দেয়। তিনি বলেন আমি জরুরী কাজে ঢাকায় ছিলাম এজন্য পুরো বিষয়টি খেয়াল রাখতে পারিনি।

কুয়ারপার বিলপারের পানি না নামার কারণ হিসেবে তিনি বলেন, কুয়ারপার হাওরের শেষ অংশে একটি হাউজিং হয়েছে। তারা বালু দিয়ে ভরাট করেছে প্লট। ফলে ঐ এলাকার ড্রেন দিয়ে পানি নামতে পারছেনা। আমরা তাদের কাছ থেকে ১২ ফুট জায়গা নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছিলাম। সেই জায়গাটা আবারও ময়লায় ভরাট হয়ে গেছে। এছাড়া নিরাময় ক্লিনিকের পশ্চিম পার্শ্বে যে ছড়া দিয়ে পানি নামে সেই ছড়ার শেষ অংশটিও ময়লায় ভরাট হয়ে গেছে। স্থানীয় লোকজন এটি বরাট করেছে। ফলে গাভিয়ার খাল, কুয়ারপার, বিলপার, ভাতালিয়া, লালাদীঘিরপার এলাকার পানি নামতে পারেনি।

দরগা মহল্লা এলাকার জলাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, পায়রা এলাকার পেছনের ড্রেনে রিটেইনিং ওয়াল হয়েছে। কিছু লোকের আপত্তির কারণে মাঝখানের অংশে দেয়াল নির্মান করা যায়নি। বিয়য়টি আমাদের নজরে আছে। জালালাবাদ আবাসিক এলাকার জলাবদ্ধতার জন্য স্থানীয় উন্নয়ন কর্মকান্ডকে দায়ী বলে মনে করছেন তিনি। তিনি বলেন অনেক জায়গায় উন্নয়ন হচ্ছে। তাই কিছুটা ভোগান্তিও হচ্ছে।

সিসিকরে এই শীর্ষ কর্মকর্তা বলেন, আগে প্রত্যেক কাউন্সিলর ৬ জন পরিচ্ছনতা কর্মী পেতেন। এখন তাদের প্রত্যেকের কাছে ১০ জন করে পরিচ্ছন্নতা কর্মী বরাদ্দ আছে। যারা প্রতিদিন কাজ করার কথা। প্রতিদিন তারা টাকা পান। ১০ জন শ্রমিক প্রতিদিন কাজ করলে এতো সমস্যা থাকার কথা না।

এম সি