সুনামগঞ্জে অটোরিকশার সাথে সংঘর্ষে উলটে যায় বাস
সুনামগঞ্জ এবং হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৪ জন।
বৃহস্পতিবার সকালে ভিন্ন ভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
শান্তিগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএসজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার(১২ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী দিরাই উপজেলার শরিফপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে তাওসিয়া বেগম(১৩) ও শান্তিগঞ্জ উপজেলার পাগলা হোসেনপুর গ্রামের ইমরান হোসেন(২০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
হতাতহরা সবাই সিএনজির যাত্রী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দিরাইগামী যাত্রীবাহী সাকিন বাসের সঙ্গে সুনামগঞ্জমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়৷
পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই৷ সবার সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
হবিগঞ্জ : হবিগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (২২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। নিহত আলাউদ্দিন বানিয়াচং উপজেলার গোয়াখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরতলীর ২নং পুল এলাকায় বাইপাস রোডে পাম্প থেকে গ্যাস সংগ্রহের জন্য বানিয়াচং থেকে আসা সিএনজি অটোরিকশা দ্রুতগতিতে একটি গাড়ি ওভারটেক করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজি চালক আলা উদ্দিন মারা যান। এঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ খোরশেদ আলম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার ট্রাকের ঘাতক চালক পালিয়ে যায়। পরে ট্রাক আটক করা হয়েছে।
ডি ডি




