জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এম্বুলেন্স আছে। কিন্তু এটি কোন কাজে আসছে না রোগীদের। কারন চালক নেই। চালক না থাকার কারনে তিন বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এম্বুলেন্সটি।
কেবল এম্বুলেন্স চালক নয়, এই হাসপাতালে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদ ফাঁকা রয়েছে দীর্ঘদিন ধরে। লোকবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম। এছাড়া রয়েছে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগও। সবমিলিয়ে সেবাবঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। এনিয়ে ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে।
অভিযোগ রয়েছে হাসপাতাল ফটকের সামনে একটি দালাল চক্র রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের প্রলোভনে ব্যাস্ত থাকে। ইমার্জেন্সিতে দায়িত্বরত স্বাস্থ্য সহকারী ডায়াগনস্টিক সেন্টারের নাম লিখে রোগীকে সেখানে পাঠানোরও অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতালের নোংরা পরিবেশের ছবি ফেসবুকে দিয়েও সমালোচনা করছেন অনেকে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মিয়া বলেন, গত জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে হাসপাতালে রংয়ের কাজ করা হচ্ছে। যা শেষ হবে আগামী নভেম্বরে। এই কাজ চলাকালীন সময় আসবাবপত্র নির্ধারিত স্হান থেকে সরাতে হয়েছে। যার কারণে এলোমেলো অবস্হা বিরাজ করেছে কয়েকদিন। আর ফ্লোরে রংয়ের কাজের সময় পানি পড়ে থাকায় রোগী ও স্বজনদের জুতার সাথে আসা বালি মিশ্রণে কয়েকদিন ফ্লোর ময়লা ছিলো।
লোকবল সংকটের কথা জানিয়ে তিনি বলেন, উপজেলা পর্যায়ে ইএমও পদটি শূন্য। এই পদটি শুধুমাত্র সদরের হাসপাতালগুলোতে থাকে। তাই ইমারজেন্সিতে পুরুস নার্স সার্বক্ষণিক সেবা দিতে উপস্থিত থাকেন এবং ডাক্তারের প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করলে ডাক্তার এসে দ্রূত চিকিৎসা সেবা দিয়ে থাকে।
এম্বুলেন্সের ব্যাপারে তিনি বলেন, গত তিনবছর এম্বুলেন্সের চালক পদটি শূন্য। তার পরেও জনগণের সেবার চিন্তা মাথায় রেখে আমার সরকারী গাড়ির চালককে মাঝেমধ্যে এম্বুলেন্সে পাঠাই।
দালালচক্রের উৎপাত বিষয়ে তিনি বলেন, এবিষয়ে কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ দেয় নি।
এ হাসপাতালের সবচেয়ে বড় সমস্যা লোকবল সংকট দাবি করে তিনি বলেন, হাসপাতালে ডাক্তার ও নার্সের পদ রয়েছে যথাক্রমে ৯ টি ও ২০ টি। নয়জন ডাক্তারের মধ্যে বিভিন্ন কারণে ও প্রশিক্ষণে তিনজন ছুটিতে। এই ছয়জন ডাক্তার দিয়ে বৃহস্পতিবার আউটডরে প্রায় চারশত এর অধিক রোগীর সেবা ও ওষুধ দেয়া হয়েছে।
২০ নার্সের মধ্যে ৬ জন পুরুষ নার্স ইমার্জেন্সিতে পালাক্রমে ডিউটি করে এবং বাকি নারী সেবিকারা রোগীদের ওয়ার্ডে সেবা দিচ্ছে।
তিনি জানান, হাসপাতালের ২ জন আয়ার পদ শূন্য, সুইপার ৫জনের স্থলে আছে ২জন, এমএলএসএস ৪ জনের স্থলে আছে ১ জন এবং বাবুর্চি ২জনের পদ শূন্য।
এছাড়া রোগী ও স্বজনদের বিরুদ্ধে অসচেতনতায় অভিযোগ এনে তিনি বলেন, কাগজে কলমে ৩১শয্যা হলেও বর্তমানে ৫০ শয্যার সেবা কার্যক্রম চলছে এই লোকবল সংকট নিয়ে।
তার মধ্যে রোগীদের স্বজনদের উপস্থিতি থাকে হাসপাতাল জুড়ে ঘন্টার পর ঘন্টা। শৌচাগারের সঠিক ব্যবহার না করা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ বার বার নির্ধারিত ডাষ্টবিনে ফেলার কথা বলা হলেও তারা বেসিন কিংবা কমোডে ফেলেন। অনেক প্রসূতি মায়ের ময়লা কাপড়ের অংশ ও নারীদের ঋতুশ্রাবের ন্যাপকিন কাপড়গুলো পর্যন্ত কমোডে ফেলে পাইপে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন
তিনি আরো বলেন, চলতি মাসে ১অক্টোবর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পরে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে দুইজন সুইপার অস্হায়ী ভিত্তিতে আগামি জুন মাস পর্যন্ত নিয়োগ দেয়া হয়েছে। এবং স্টেশন রোড বাইপাস রাস্তার কাজ শেষ হলে হাসপাতালে পার্কিং করা অটো স্ট্যান্ড স্হায়ীভাবে সরে যাবে এখান থেকে।
ডি ডি




