ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ জিয়া পরিষদ চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস এবং শিল্পী ফরিদা পারভীনকে হাসপাতালে দেখতে গেছেন।আজ বুধবার দুপুরে প্রথমে মির্জা ফখরুল নিউরোসাইন্স হাসপাতালে যান, যেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদ চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস চিকিৎসাধীন আছেন। তিনি নিউরোসাইন্স হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
এরপর তিনি আয়েশা মেমোরিয়াল হাসপাতালে যান শিল্পী ফরিদা পারভীনকে দেখতে। সেখানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা।গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।’
বিএনপি সব সময়ই সংস্কারের পক্ষে জানিয়ে তিনি বলেন, ‘যারা মনে করেন নির্বাচন প্রয়োজন নেই। তাদের বলব, নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সর্ম্পক থাকে।’
এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাস সভাপতি হেলাল খান এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন।
জৈন্তাবার্তা / সুলতানা




