জৈন্তাপুরের একটি জারা লেবুর বাগান
সিলেটে জৈন্তাপুরে জারা লেবু চাষকেরে সাবলম্বী হয়ে উঠেছেন ৪০০ পরিবার। এখানকার লেবু বিদেশে রপ্তানিও হচ্ছে।
প্রচুর পরিমানে ভিটামিন সি সমৃদ্ধ বিশেষ জাতের লেবু সিলেটের মধ্যে জৈন্তাপুরেই উৎপাদন হয় সর্বাধিক। এটি জৈন্তাপুর উপজেলার অন্যতম ব্রান্ডিং পন্য।
সাম্প্রতিক সময়ে জৈন্তাপুরে জারা লেবুর চাষ, উপযোগী পরিবেশ এবং ইউরোপের বিভিন্ন দেশে চাহিদা বৃদ্ধি পাওয়ার লেবু চেষে আগ্রহী করে তুলেছে আরো অসেককে।
জারা লেবুর উৎপাদন বৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে কৃষক পর্যায়ে কাজ করছে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও।
জৈন্তাপুর উপজেলার এলাকাে টিলা শ্রেণরে ভূমি লেবু চাষের জন্য খুবই উপযোগী। জৈন্তাপুর উপজেলার চিকনাগুল, হরিপুর, জৈন্তাপুর বাজার, ফতেহপুর বাজার জারা লেবুর জন্য পরিচিত। এসব এলাকায় বাংলাদেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা জারা লেবু ক্রয় করতে আসেন।
এরপর প্রক্রিয়াজাত করে ব্যবসায়ীরা বাংলাদেশের বাইরে লন্ডন, আমেরিকা, সিংঙ্গাপুর, কাতার, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিশেষজাতের এই লেবু রপ্তানি করেন।
সরেজমিনে উপজেলার ৫ টি ইউনিয়ন ঘুরে দেখা যায়, জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের গৌরী, থুবাং, বালিদাঁড়া, ভিত্রিখেল উত্তর, লামাপাড়া থুবাং, ফতেপুর ইউনিয়নের শ্যামপুর, হরিপুর, বাগেরখাল, শিকারখাঁ, উৎলারপার, চিকনাগুল ইউনিয়নের উমনপুর, পানিছড়া, ঠাকুরের মাটি, নিজপাট ইউনিয়নের কালিঞ্জিবাড়ি, এলাকায় টিলা শ্রেণির ভূমিতে বাণিজ্যিকভাবে জারা লেবু চাষ হচ্ছে।
এক সময় প্রচুর জমি বছরের পর বছর অনাবাদী থাকতো এখন এসব জমির কদর অন্য সব জমির চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে।
জারা লেবুর কলম করা চারা রোপণের ২ বছর পর হতে ফলন আসতে শুরু হয় এবং গাছগুলো ৫ বছরের অধিক সময় ফলন পাওয়া যায়। জারা লেবু দেখতে অনেকটা কুমড়ার মতো। লেবুর রস তেমন না থাকলেও তার খোসা খুবই সু-স্বাদু।
জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের গৌরী গ্রামের কৃষক মো. রিমাল আহমেদ জানান, জারা লেবু চাষের জন্য আমাদের এলাকাটি খুব উপযোগী। আমাদের পূর্ব পুরুষরা জারা লেবু চাষ করেছেন শুধু নিজ পরিবারের জন্য, আমরা এখন বাণিজ্যিকভাবে চাষ করতে শুরু করেছি।
বাগেরখাল গ্রামের কৃষক মো. মঈন উদ্দিন জানান, দীর্ঘদিন থেকে আমি লেবু চাষ করে আসছি। বর্তমানে আমি সরকারিভাবে সার ও কীটনাশক পেয়েছি। আমরা যদি আরো ভালো জাতের চারা ও প্রশিক্ষণ পেতাম তাহলে লেবুর উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি হতো। প্রতিদিন আমার বাগানে ৬ জন শ্রমিক পরিচর্যার জন্য নিয়োজিত রয়েছেন। চলতি মৌসুমে বাগান হতে মুনাফা আসতে শুরু হয়েছে।
চলতি বছরে উত্তর বাগেরখাল গ্রামে কৃষক মো জসিমউদদীন ৬ বিঘা জমিতে ২৭০০ কেজি ফসল উৎপাদন করে সাড়ে তিন লক্ষ টাকা আয় করেন। একই ভাবে দক্ষিণ বাগেরখাল গ্রামের ইসরাক আলি তিন বিঘা জমিতে ১৬০০ কেজিতে ২লক্ষ ৩০ হাজার টাকা আয় করেছেন। এছাড়াও চারিকাঠার ভিত্রিখেল গ্রামের কৃষক সোহেল আহমেদ ৫ বিঘা জমিতে ২২০০ কেজি ফসল উৎপাদন করে আয় করেছেন ২ লক্ষ ৯০ হাজার টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুরের দেয়া তথ্য মতে, চলতি ২০২২-২৩ মৌসুমে পুরো উপজেলায় ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে উৎপাদিত ফসল থেকে ১ কোটি ১১ লক্ষ টাকার জারা লেবু বিক্রয় হয়েছে।
এখন পর্যন্ত উপজেলার বিভিন্ন টিলা ও উঁচু সমতলে ১১৫ হেক্টর জমিতে জারা চাষ হচ্ছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ চাষ হচ্ছে বাগেরখাল ও লামা শ্যামপুর এলাকায়। এদিকে সামনে মৌসুমে কৃষি জমির পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে জনিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার বলেন, এলাকার প্রকৃত কৃষকদের মাধ্যমে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বিভিন্ন আয়তনের শতাধিক বাগান করানো হয়েছে। এছাড়া বাগান পরিচর্যায় কৃষি বিভাগ ও সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে প্রয়োজনীয় সমস্ত উপকরণ বিতরণ ও হাতে কলমে প্রশিক্ষণ চলমান আছে। এছাড়াও সার্বক্ষণিকভাবে উপ সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিদিন তদারকি করছেন।
তিনি আরো বলেন, পুরো উপজেলায় ৬৫০ জন কৃষক বানিজ্যিক ও ক্ষুদ্র পরিসরে জারা লেবু চাষের সাথে জড়িত। এর মধ্যে ৪২০ জন কৃষককে প্রদর্শনী দেয়া হয়েছে। তাছাড়াও বছরে তিন থেকে চারবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতে কৃষক পর্যায়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
জারালেবু চাষে সফলতা ও সম্ভাবনা নিয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম জৈন্তাবার্তাকে বলেন, সিলেটের জেলা প্রশাসকের মাসিক সভায় প্রতিটি উপজেলায় একটি ব্রান্ডিং পন্য নির্বাচিত করার বিষয়ে জানানো হয়। সেই ধারাবাহিকতায় জারা লেবু চাষে কৃষকদের অর্থনৈতিক সফলতা, বেকারত্ব দূরিকরণ, দেশীয় বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানি চাহিদা দিক বিবেচনা করে এই ফসল টিকে জৈন্তাপুর উপজেলার ব্রান্ডিং পন্য হিসেবে নির্বাচনের শীর্ষে রয়েছে।
এছাড়াও এই ফসলের সার্বিক উন্নয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি উপজেলা প্রসাশনের পক্ষ থেকেও মনিটরিং করা হচ্ছে।
ডিডি




