উদ্ধারকৃত হাতকড়া
জৈন্তাপুর পলাতক আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে হাতকড়া উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার লামা শ্যামপুর এলাকার ধলাই মিয়ার বাড়ি থেকে এ হাতকড়া উদ্ধার করা হয়।
এরআগে শনিবার জৈন্তাপুরের চিকনাগোল এলাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযান চলাকালে চোরাকারবারিরা হামলা চালিয়ে হাতকড়াসহ ধলাই মিয়াকে ছিনিয়ে নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোর সাড়ে চার টার দিকে ধলাই মিয়াকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর তল্লাশী করে হাতকড়াটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম হাতকড়া উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামি ধলাই মিয়াসহ এজহারভুক্ত সকল আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, শনিবার ভোর সাড়ে ৪ টায় সিলেট-তামাবিল মহাসড়কে সিআইডি পুলিশের উপ পরিদর্শক দ্বীপরাজ ধর প্রিন্স এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলানো হয়। এসময় ধলাই মিয়াকে আটকের পর হাতকড়া পরিয়ে তল্লাশী চলাকালীন সময় কয়েকটি ডিআই পিকআপ ও নোহা গাড়িতে করে আসা ৮০/৯০ জনের চোরাকারবারিরা সিআইডি সদস্যদের উপর হামলা চালায়। তারা হাতকড়াসহ ধলাই মিয়াকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সিআইডির উপ পরিদর্শক দ্বীপরাজ ধরের হাত ভেঙে আহত হন। পরে তিনি বাদী হয়ে ধলাই মিয়া সহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০/৯০ জনকে আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
ডিডি




