বশেমুরবিপ্রবির উপ-উপাচার্য হলেন শাবির অধ্যাপক সামসুল আলম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বশেমুরবিপ্রবির উপ-উপাচার্য হলেন শাবির অধ্যাপক সামসুল আলম

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৩ ০৫:৫৮:৫০ পূর্বাহ্ন

বশেমুরবিপ্রবির উপ-উপাচার্য হলেন শাবির অধ্যাপক সামসুল আলম

অধ্যাপক সামসুল আলম


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড.সৈয়দ সামসুল আলম।

রোববার (১৫ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) মোছা. রোখছানা বেগমের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন-২০০১ এর ধারা ১২ (১) অনুযায়ী শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলমকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগ দেওয়ার তারিখ থেকে চার বছর হবে, প্রো-ভাইস চ্যান্সেলর পদে কর্মরত থাকাকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন, তিনি প্রো-ভাইস চ্যান্সেলর পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আইন সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে, যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

সৈয়দ ড. সামসুল আলম বলেন, রোববার বশেমুরবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছি। যথাযথভাবে নিজের দ্বায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করি।

ডিডি