সিলেটে দুর্গা প্রতিমা তৈরি করছেন শিল্পীরা।
দরজায় কড়া নাড়ছে সনাতন বাঙালি ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই পূজাকে কেন্দ্র করে সিলেটে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বেশির ভাগ মণ্ডপে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
দুর্গা পূজা উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন ও জেলা পুলিশ পূজা উদযাপন কমিটির সঙ্গে বৈঠক করেছে; নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সরেজমিনে নগরীর দাড়িয়াপাড়া, কালিবাড়ি, লামাবাজারের কয়েকটি পূজা মণ্ডপে ঘুরে দেখা গেছে, প্রতিমার অবয়ব বানানো শেষ। এখন চলছে প্রতিমা ও মণ্ডপগুলোর সাজ-সজ্জার কাজ।
রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে পরিপূর্ণ রূপে। একইসঙ্গে রং, পোশাক আর গহনা দিয়ে সাজানো হচ্ছে দেবীকে। দুর্গার সঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও।
কর্মব্যস্ততায় দম ফেলার সময় নেই মৃৎশিল্পীদের, পুরুষদের পাশাপাশি কাজে ব্যস্ত নারীরাও।
সনাতন পঞ্জিকা মতে, এ বছর ঘোটকে চড়ে দেবী দুর্গার আগমন; বিদায় নেবেনও ঘোটকে। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় দেবীপক্ষ; দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয়া। সাধারণত শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
এই পাঁচদিন যথাক্রমে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। ২০ অক্টোবর শুক্রবার শুভ বিল্বষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।
নগরীর দাড়িয়াপাড়া এলাকার প্রতিমা শিল্পী দুলাল পাল বলেন, “পূজার আর বেশি দিন বাকি নেই, হাতে সময় অনেক কম। রং করা ও সাজ-সজ্জার কাজ শুরু করে দিয়েছি। সঠিক সময়ে গ্রাহকদেরকে মূর্তি হস্তান্তর করতে হবে; তাই কারিগর বাড়িয়ে দিনরাত কাজ করছি আমরা।
“পূজোর যাবতীয় উপকরণ, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি, ভজন কীর্তন, আলোকসজ্জা ও ডেকোরেশনসহ নানা প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে।”
সিলেটের পূজা উদ্যাপন পরিষদ জানায়, জেলায় এবার মোট ৬১৭টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগরে সার্বজনীন ১৩৪ ও পারিবারিক ১৭ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় ৬৬, বালাগঞ্জ উপজেলায় ৩২, কানাইঘাট উপজেলায় ৩১, জৈন্তাপুর উপজেলায় ২৩, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৪০, বিশ্বনাথ উপজেলায় ২৫, গোয়াইনঘাট উপজেলায় ৩৯, জকিগঞ্জ উপজেলায় ৯৮, বিয়ানীবাজার উপজেলায় ৫০, কোম্পানীগঞ্জ উপজেলায় ২৮ ও ওসমানীনগর উপজেলার ৩৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সিলেট নগরীর পনিটুলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি সজল ঘোষ বলেন, “প্রতি বছর দুর্গা পূজাতে নতুন নতুন সাজ-সজ্জা চোখে পড়ে নগরজুড়ে। এ বছরও আমরা সুন্দর আয়োজনের মধ্য দিয়ে দুর্গা পূজা শেষ করব। পূজোর যাবতীয় উপকরণ, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি, ভজন-কীর্তন, আলোকসজ্জা ও ডেকোরেশনসহ নানা প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’’
পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক রঞ্জন ঘোষ বলেন, “সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছি।’’
পূজা উদ্যাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত বলেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি ও প্রশাসন মিলে দুর্গোৎসব সফল করার জন্য ১৯ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা যথাযথভাবে মানা হলে দুর্গা পূজায় কোনো ব্যাঘাত ঘটবে না। সবার প্রতি অনুরোধ সম্মিলিতভাবে এই নির্দেশনা যেন আমরা মেনে চলি।”
এদিকে জেলার পূজা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন বলেন, “যারা পূজা উদযাপনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। সকলের সহযোগিতায় সফলভাবে পূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।’’
মতবিনিময় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াস শরীফ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বাসানোর ব্যবস্থা গ্রহণ ও দুর্গা পূজা উপলক্ষ্যে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ আশ্বাস দেন।
তিনি বলেন, “সবার সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে নিশ্ছিদ্র নিরাপত্তায় দুর্গাপূজা উদ্যাপনের জন্য মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। ”
ডি ডি




