শীতকালীন সবজির ‘বিচরা ক্ষেত’ প্রস্তুতে ব্যস্ত গৃহিণীরা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শীতকালীন সবজির ‘বিচরা ক্ষেত’ প্রস্তুতে ব্যস্ত গৃহিণীরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/১০/২০২৩ ০৩:১৪:২৫ পূর্বাহ্ন

শীতকালীন সবজির ‘বিচরা ক্ষেত’ প্রস্তুতে ব্যস্ত গৃহিণীরা

গোয়াইনঘাটে শীতকালীন সবজি চাষের জন্য জমি প্রস্তুত করছেন নারীরা


আশ্বিনের শেষ কার্তিকের শুরুতে ঋতুতে বইছে হেমন্তের আগমনী বার্তা। ঠিক সেই সময়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রামের গৃহিণীরা শীতকালীন সবজি আবাদে জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। 

তাদের কাজে সহযোগিতা করছেন ঘরের পুরুষরাও। স্থানীয় ভাষায় এই জমিকে বলা হয় ‘বিচরা ক্ষেত’। 

জানা যায়, একসময় সবজি চাষের জন্য প্রতিটি বাড়িতে ‘বিচরা ক্ষেত’ হিসেবে পরিচিত নির্ধারিত জায়গা থাকতো। যেখানে বছরে একবার শীতকালীন সবজির আবাদ করা হতো। প্রায় সারা বছরই জায়গা পতিত থাকতো । 

তবে এখন পতিত জমিও  আবাদের আওতায়। বাড়ির আঙ্গিনা, গ্রামের নিকটবর্তী আমনের চারার খালি জায়গায়ও শীতকালীন সবজি আবাদের আওতায় চলে এসেছে। পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান।

এই সময়টা চলে আসলেই গ্রামের গৃহিণীরা আর ঘরের কাজে বসে না থেকে শীতকালীন সবজি চাষে মাঠে ব্যস্ত হয়ে উঠেন। প্রতিটা গ্রামের বাড়ির দ্বারে মাঠে মাঠে গৃহিণীদের শীতকালীন সবজি আবাদের কর্মযজ্ঞের দেখা মিলে।

রোববার সরেজমিন ঘুরে দেখা যায়,  গৃহিণীরা শীতকালীন সবজির চারা ফেলার জন্য জমি তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন। বাড়ির পুরুষ সদস্যরাও তাদের কাজে সহযোগিতা করছেন। 

কৃষক নাজমুল ইসলাম বলেন,গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজি চাষের জমি তৈরি করতে একটু দেরি হয়েছে। তারা এখন চারা ফেলার উপযোগী জমি তৈরি করতে ব্যস্ত। লাই শাক, মূলা, ধনিয়া, পিয়াজ, ডাটা, মরিচ  সহ বিভিন্ন জাতের সবজি আবাদ করবেন। যা দিয়ে পারিবারিক খাদ্য চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করা হবে।

তিনি বলেন,পরিবারের খাওয়া দাওয়ার পরও বাচ্চাদের স্কুলের নাস্তা বাবদ খাতা কলম এবং পোশাক কিনে দিতে বড় একটা অর্থের যোগান দেয় গৃহিণীদের এই সবজি চাষ। তাই আমরাও মাটি খুঁড়া, পানি দেওয়া, আগাছা পরিষ্কার করাসহ নানা কাজে তাদের সহযোগিতা করি। তাদের এই সবজি আবাদ থেকে যে টাকা আয় হয় তা প্রতিটা পরিবারের অর্থের বড় সহায়ক ভূমিকা পালন করে।

ডিডি