অবৈধ অটোরিকশা স্ট্যান্ড আর ইচ্ছেমত ভাড়ায় নাজেহাল যাত্রীরা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

অবৈধ অটোরিকশা স্ট্যান্ড আর ইচ্ছেমত ভাড়ায় নাজেহাল যাত্রীরা

মোহাম্মদ সানোয়ার আলী, দক্ষিণ সুরমা

প্রকাশিত: ১৬/১০/২০২৩ ০৫:৪৪:৩৯ পূর্বাহ্ন

অবৈধ অটোরিকশা স্ট্যান্ড আর ইচ্ছেমত ভাড়ায় নাজেহাল যাত্রীরা

দক্ষিণ সুরমার যত্রতত্র গড়ে ওঠেছে অটোরিকশা স্ট্যান্ড


সিলেটের দক্ষিণ সুরমায় যত্রতত্র পার্কিং ও স্ট্যান্ড স্থাপন করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এসব স্ট্যান্ডে যাত্রীদের হয়রানি করারও অভিযোগ ওঠেছে। 

এছাড়াও দক্ষিণ সুরমা জুড়ে অনুমোদনবিহীন অটোরিকশা চলাচলের কারণে যেমন বাড়ছে অপরাধ প্রবণতা তেমনি বাড়নি সড়ক দুর্ঘটনা। এসব অটোরিকশার মাধ্যমে যেকোন দুর্ঘটনা বা অপরাধ সংঘঠিত হওয়ার পরে রেজিস্ট্রেশন নম্বর না থাকার কারণে তা সনাক্তে বেগ পেতে হয় আইন-শৃংখলা বাহিনীর সদস্যের।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন দক্ষিণ সুরমায় প্রত্যেক মোড়ে মোড়ে রয়েছে একাধিক অবৈধ স্ট্যান্ড। এর মধ্যে চন্ডিপুল, হুমায়ুন রশিদ চত্বর, মুক্তিযোদ্ধা চত্বর, শাহজালাল ব্রিজের নিচ, ক্বিনব্রিজের দক্ষিণ মুখ উল্লেখযোগ্য। 

এছাড়াও বিভিন্ন বাজার ও মোড়ে রয়েছে স্ট্যান্ড। যার কোনটিরই নেই বৈধ অনুমোদন।

এদিকে, ২০১৪ সাল থেকে সিলেটে সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে। তবে রেজিস্ট্রেশন বন্ধ থাকলেও থেমে নেই সিএনজিচালিত অটোরিকশা বেচাকেনা। প্রতিদিনই সিলেটের বিভিন্ন সড়কে নামছে নতুন নতুন গাড়ি। সাথে মেয়াদ উত্তীর্ণ কিংবা ভাঙাচোরা গাড়ির পাশাপাশি আছে বৈধ সিএনজি অটোরিকশাও। এতে করে সিলেট নগরীর পাশাপাশি দক্ষিণ সুরমার বেশিরভাগ সড়কই সিএনজি অটোরিকশার দখলে। এতে বাড়ছে যানজট, বাড়ছে ভোগান্তি।

সম্প্রতি সিলেটে সিএনজিচালিত অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী পরিবহন নিষিদ্ধ করে পুলিশ। এরআগে পাঁচজন করে যাত্রী বহন করতো অটোরিকশাগুলো। এরপর তিনজনের অজুহাতে ভাড়া অর্ধেক বাড়িয়ে দেন চালকরা। কিন্তু এখন হরহামেশা তিনজনের জায়গায় পাঁচজন নিলেও ভাড়া আগের মতোই দিতে হয় যাত্রীদের। এ নিয়ে প্রায়ই যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতন্ডা চলে। যাত্রীরা বলেন এটা দেখার দায়িত্ব প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলোর কিন্তু তারা কেউ এটা খেয়াল করছে বলে মনে হচ্ছে না।

ক্বিনব্রিজের দক্ষিণ মুখে সিএনজি স্ট্যান্ডের কাছে এক যাত্রীর সাথে কথা হয়। তিনি বলেন, আগে লালাবাজার ১০ টাকায় যেতাম পরে তিনজনের নিয়ম হলে ভাড়া বাড়িয়ে ২০ টাকা করা হয়। কিন্তু এখন পাঁচজন নিলেও সেই ২০ টাকা দিতে হয়। ড্রাইভারদের বললে কথা শুনে না। 

এবিষয়ে বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মো. রিয়াজুল ইসলাম বলেন, যেহেতু সিএনজি অটোরিক্সার শুধুমাত্র রিজার্ভে চলাচল করার নিয়ম; তাই বিভিন্ন পয়েন্ট থেকে ভাড়া নির্ধারণের বিষয়টি আসেনি। কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ, মিটার স্থাপন, খাচা নির্মাণসহ বিভিন্ন বিষয়ে উল্লেখ করে করে ঢাকা ও চট্টগ্রামে সিএনজির নীতিমালা করা হয়েছে। কিন্তু, সিলেটে এখনো কোন নীতিমালা করা হয়নি। তাই সিএনজি চালকরা নিজেরাই তাদের ভাড়া নির্ধারণ করে। 

তিনি বলেন, সিলেটে সিএনজি অটেরিক্সার ব্যবহার ব্যাপক ভাবে বেড়েছে। তাই এর ভাড়া নির্ধারণে নীতিমালা করা প্রয়োজন। নীতিমালা না থাকায় আমাদের খুব বেশি কিছু করার থাকে না। আমরা মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করি। তখন চালকরা জানান রিজার্ভ যাত্রী নিয়ে যাচ্ছেন।

ডিডি