একদিনে তিন কীর্তিমানকে স্মরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

একদিনে তিন কীর্তিমানকে স্মরণ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৩ ১২:৫৮:১৬ অপরাহ্ন

একদিনে তিন কীর্তিমানকে স্মরণ

ছবি : নিজস্ব


সিলেটে একদিনে তিন কীর্তিমানকে স্মরণ করা হলো পৃথকভাবে। কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, প্রতীতযশা সাংবাদিক আজিজ আহমদ সেলিম এবং বিশিষ্ট যুব সংগঠক মঈনুদ্দিন জালালের মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। পৃথকভাবে দোয়া আলোচনা স্মরণ সভা, শ্র্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদেরকে স্মরণ করা হয় সিলেটের রাজনৈতিক সামাজিক অঙ্গনে অবদান রেখে যাওয়া গুণীমানুষদের। নানা ভাবে নিজেদের অবস্থান থেকে সিলেটের উন্নয়ন অগ্রযাত্রায় এই তিন গুণী মানুষ স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন। যার ফলে প্রতি বছর তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এই তিন তাঁদের শুভার্থীরা।

প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান:  বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব সিলেটের ঐতিহ্যবাহী কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা হাবিবুর রহমান ২০১৮ সালের ১৯ অক্টেবর ৬৯ বয়সে ইন্তেকাল করেন। এদিন বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেটের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিলেটের এই বরেণ্য আলেম। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত ৭ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। সেখান থেকে দুই দিন আগে সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন শুক্রবার বাদ জুমআ তার জানাযা শেষে কাজির বাজার মাদরাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। জানাজায় ঐতিহ্যবাহী সিলেট আলিয়া মাদরাসা মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান সমবেত হন। এক সময় মাঠ লোকে ভর্তি হয়ে গেলে আশপাশের রাস্তাও লোকে লোকারণ্য হয়ে ওঠে। এসময় উপস্থিত জনতাকে প্রিন্সিপাল হাবিবুর রহমানের জন্য চোখের জল ফেলতে দেখা যায়। ১৯৭০ খ্রিস্টাব্দে ফুলবাড়ি মাদরাসা থেকে কৃতিত্বের সঙ্গে ফাজিল এবং ১৯৭৩ খ্রিস্টাব্দে সিলেট আলিয়া মাদরাসা থেকে কামিল পাশ করেন। ছাত্র জীবন থেকেই তিনি তার বাবার সূত্রে জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

পরে ১৯৮২ খ্রিস্টাব্দের প্রেসিডেন্ট নির্বাচনের পর হজরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুর (রহ.) কর্তৃক খেলাফত আন্দোলনে যোগ দেন।১৯৮৯ সালের ৮ ডিসেম্বরে এক জাতীয় সম্মেলনের মাধ্যমে তৎকালীন শায়খুল হাদিস আল্লামা আজীজুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস আত্মপ্রকাশ করে। পরে তিনি খেলাফত আন্দোলন ছেড়ে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক কর্তৃক প্রতিষ্ঠিতি খেলাফত মজলিসে যোগ দিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ইন্তেকালের পর তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

আজিজ আহমদ সেলিম সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিলো গতকাল ১৯ অক্টোবর। করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের এই দিন রাত সাড়ে আটটার দিকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। আজিজ আহমদ সেলিম বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি এবং সিলেটের স্থানীয় দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক ছিলেন। তিনি সিলেটের শতবছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিকতা ছাড়াও সুলেখক, ছড়াশিল্পী হিসেবেও তিনি সুনাম কুঁড়িয়েছিলেন। ক্রীড়া সাংবাদিকতার পাশাপাশি ক্রিকেটার হিসেবে খেলেছেন সিলেটের প্রথম বিভাগ লিগে।সদা হাস্যোজ্বল বন্ধু বৎসল মানুষ হিসেবে তিনি সকলের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। পেশাগত জীবনে আজিজ আহমদ সেলিম সফলতার স্বাক্ষর রেখে গেছেন।

মইনুদ্দিন জালাল সিলেটের এক সময়ের সুপরিচিত যুব সংগঠক, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালালের পঞ্চম মৃত্যুবার্ষিকী ছিলো গতকাল বুধবার। ২০১৮ সালের ১৮ অক্টোবর ভারতের শিলং সফরে গিয়ে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।মইনুদ্দিন আহমদ জালালের মৃত্যুবার্ষিকীতে গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুরে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক সংগঠন ধরাধরপুর পারিবারিক কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। বাড়িতে তাঁর স্মরণে স্থাপন করা ‘জালাল অন্তর’ স্থানে ৬০টি বৃক্ষ রোপণ কর্মসূচি পালনের কর্মসূচি রয়েছে। তাঁর পৈত্রিক নিবাস সুনামগঞ্জে আগামী শুক্রবার সন্ধ‍্যা ৬ টায় স্মরণসভা আয়োজন করেছে স্মৃতি সংসদ।জীবদ্দশায় সাহসী, বিনয়ী যুব রাজনীতিবিদ হিসেবে পরিচিত মইনুদ্দিন আহমদ জালাল ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় অসা¤প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিবেদিত এক কর্মী। বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি এবং আন্তর্জাতিক নদী অধিকারবিষয়ক সংগঠন অঙ্গীকার বাংলাদেশের পরিচালক ছিলেন।

আইনপেশায় তিনি সিলেট ও সুনামগঞ্জ বারের সদস্য ছিলেন। আন্তর্জাতিক পরিমন্ডলে যুব-আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছেন। পৃথিবীর ৩২টি দেশে ৬২টি আন্তর্জাতিক যুব উৎসবে অংশ নিয়েছিলেন। ২০১৯ সালে প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর কর্মময় জীবন তুলে ধরে সাংবাদিক উজ্জ্বল মেহেদীর তত্ত¡াবধানে নির্মিত হয় তথ্যচিত্র ‘দেখবো তোমারে...’।

এম সি