বিশ্বনাথে এমপি মোকাব্বির খানের নামফলক ভাঙচুর করা হয়
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের দক্ষিণ ভোলাগঞ্জে স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খানের নামফলক ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০ অক্টোবর) ভোরে স্থানীয়রা একটি ভিত্তিপ্রস্তরের নামফলকটি ভাঙ্গা দেখতে পান। বৃহস্পতিবার রাতে এই নামফকটি দুর্বৃত্তরা ভেঙে ফেলে বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা এস এম রফিক আহমদ বলেন, সংসদ সদস্য মোকাব্বির খানের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। তারা চায় না এলাকার উন্নয়ন হোক।
জানা যায়, ২৫ সেপ্টেম্বর দক্ষিণ ভোলাগঞ্জে মদনপুর জামে মসজিদ থেকে প্রতাপপুর সিএন্ডবি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মোকাব্বির খান।
এরপর ১৩ অক্টোবর কাজ না করে ভিত্তিপ্রস্তর ফলক স্থাপন, রাস্তা পাকাকরণ কাজে ঘুষের অভিযোগ এনে খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরকে নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর ও বিশ্বনাথ পৌরমেয়র মুহিবুর রহমানের একটি ভিডিও প্রকাশে এলাকায় উত্তেজনা দেখা দেয়। তার প্রেক্ষিতে সভাপতি আব্দুন নূর কে সাময়িক বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা আওয়ামী লীগ। বর্তমানে খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। রাস্তাটি পাকাকরণ নিয়েও মতানৈক্যের সৃষ্টি হয়েছে।
এর রেশ কাটতে না কাটতে ভিত্তিপ্রস্তর ফলক ভাঙা হয়।
এব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিস্কৃত সভাপতি আব্দুন নূর বলেন, কে বা কারা এটি করেছে তা আমি কিছুই জানি না।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ভিত্তিপ্রস্তর ফলক ভাঙ্গার কোন অভিযোগ কারো পক্ষ থেকে পাইনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ডি ডি




