ফাইল ছবি
মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা । সারা দেশের ন্যায় ওসমানীনগেরর এবার ৩৬টি মন্ডপে শুরু হয়েছে পূজা।এসব মন্ডপের মধ্যে ২৮ টি সার্বজনীন এবং ৮ টি ব্যাক্তিগত। আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী এ উৎসব।
শুক্রবার (২০ অক্টোবর ) সকালে উপজেলার প্রতিটি মন্দিরে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। এ সময় ঢাক-ঢোলের বাজনা, কাঁসা, শঙ্খের আওয়াজ এবং ভক্তদের উলুধ্বনিতে দেবী দুর্গাকে অশুভশক্তির বিনাশে পৃথিবীতে স্বাগত জানানো হয়। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
সনাতন ধর্মলম্বীদের মতানুসারে দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়ায়) চড়ে কৈলাশ থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন। এতে প্রাকৃতিক বিপর্যয়, রোগ-শোক, হানাহানি ও মারামারি বাড়বে। অন্যদিকে কৈলাশে (স্বর্গে) বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। যার ফলে জগতে মড়ক ব্যাধি এবং প্রাণহানির মতো ঘটনা বাড়বে।
দুর্গার পূজা আনন্দমুখর করে তুলতে উপজেলাজুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো উপজেলাজুড়ে বইছে উৎসবের আমেজ।
ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চয়ন পাল জানান , এখানে পূজাকে কেন্দ্র করে কখনো কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোন মন্ডপই ঝুঁকিপূর্ণ নয়। তাই এবার সুন্দর এবং সুষ্টভাবে সনাতন ধর্মালম্বীদের উৎসব পালন করা হবে।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আমিন জানান , উপজেলার প্রতিটি মন্ডপে আজ থেকে দুর্গাপূজা শুরু হয়েছে । পূজা চলাকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়াও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজরদারি থাকবে।
ডি ডি




