ছবি: সংগৃহীত
ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস হামলা, গণহত্যার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট। ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানাতে সিলেট মহানগর সহ আশাপাশের বিভিন্ন এলাকায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান বিক্ষোভ করেছেন।
শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা সিলেট নগরীসহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগরী ছাড়াও সিলেটের দক্ষিণ সুরমার সিলাম, জালালপুর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ, হেতিমগঞ্জ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
একই সাথে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতার দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে 'স্টান্ড উইথ ফিলিস্তিন' শীর্ষক ব্যানার হাতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এছাড়াও শুক্রবার জুম্মার নামাজ শেষে সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদসহ বিভিন্ন মসজিদ পবিত্র মসজিদুল আকসার সুরক্ষা এবং নিহত ফিলিস্তিনিদের জন্য শহীদের মর্যাদা ও যুদ্ধাহতদের জন্য উন্নত চিকিৎসার জন্য দোআ করা হয়।
এম সি




