তিন কারণে গোলাপগঞ্জে তীব্র যানজট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

তিন কারণে গোলাপগঞ্জে তীব্র যানজট

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ১২:০৪:৪৩ অপরাহ্ন

তিন কারণে গোলাপগঞ্জে তীব্র যানজট

গোলাপগঞ্জে তীব্র যানজট সবসময় লেগেই থাকে


সিলেটের গোলাপগঞ্জ চৌমুহনীতে প্রতিদিন লেগে থাকে তীব্র যানজট। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।  বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, এখানে তীব্র যানজটের মূল কারণ চৌমুহনীতে সড়কের উপর অবৈধ সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত টমটম ও সিএনজির স্ট্যান্ড বানিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো দখল, সড়কের দুই পাশে অবৈধ দোকান ও যত্রতত্রভাবে গাড়ি পার্কিং। 

সিলেট জেলার পাঁচটি উপজেলার মিলনস্থল হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা পৌরশহর। এ উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক সিলেট-জকিগঞ্জ সড়ক। 

রবিবার বিকেলে চৌমুহনীতে প্রতিদিনের মত যানজট সৃষ্টি হলে দেখা গেছে, সিলেট-জকিগঞ্জ সড়কের দুপাশেই যানবাহনের দীর্ঘ সারি। যানজটে সাধারণ পরিবহন ও যাত্রীর সাথে রেহাই পাচ্ছে না এম্বুলেন্সও।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পৌরসভার মেয়র ও প্রশাসনের উদ্যোগে গোলাপগঞ্জ পৌরশহরের ফুটপাতের উপর থেকে ব্যবসা প্রতিষ্ঠানের অংশ, ভ্রাম্যমান ব্যবসায়ীসহ যারা ফুটপাত দখল করে ব্যবসা করে যানজট সৃষ্টি করছেন তাদের উচ্ছেদ করা হলেও যানজট লেগেই আছে।

এ বিষয়ে পথচারী ও ব্যবসায়ীরা বলেন, সড়কে গাড়ি পার্কিংয়ের কারণে সড়ক সংকীর্ণ হয়ে যায়। ফলে প্রচুর যানজটের সৃষ্টি হয়। এই যানজটের কারণে দুর্ঘটনাও হচ্ছে। 

তাছাড়া ব্যস্ততম এই সড়কে অবৈধ ও নম্বরবিহীন অটোরিকশা ও ব্যাটারিচালিত রিক্সা সড়কের দুই পাশে দাড় করিয়ে রাখেন চালকেরা।  সিলেট এবং জকিগঞ্জ থেকে আসা বাসগাড়ি ঠাই দাড়িয়ে থাকে চৌমুহনী পয়েন্ট ও মাঝ রাস্তায় যাত্রী উঠানামা করা হয়। 

এ বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত জানান, গোলাপগঞ্জ চৌমুহনীতে যানজটের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখানে অবৈধ সিএনজি স্ট্যান্ড ব্যাটারিচালিত রিক্সা ও চৌমুহনী পয়েন্ট এর বাস পার্কিং করা হয়।

আমি মনে করি, এই সমস্যা নিরসনের জন্য সিএনজি ও ব্যাটারিচালিত রিক্সার স্ট্যান্ড এর নির্দিষ্ট জায়গা করে দিলে কিছুটা হলেও নাগরিকদের এই দুর্ভোগ কমবে। এবং বাস থেকে যাত্রি উঠা নামানোর জন্য চৌমুহনী থেকে একটু দূরে একটি নির্ধারিত জায়গা নির্ধারণ করলে যানজট নিরশন হবে বলে আমি মনে করি।

গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক ইনচার্জ (আই) ইকবাল হোসেন বলেন, বর্তমানে পূজোর কারনে কয়েকদিন থেকে গোলাপগঞ্জে যানজট বেড়ে গেছে। 

গোলাপগঞ্জের চৌমুহনীর মূল কারন হল বাস গাড়ী গুলো চৌমুহনী পয়েন্টে দাড়িয়ে যাত্রী উঠা নামা করে, ফলে যানজট সৃষ্টি হয়। তবে যানজট হওয়ার সাথে সাথে আমাদের ট্রাফিক দূত যানজট মুক্ত করার চেষ্টা করেন।

তিনি বলেন, অবৈধ অটোরিকশা ও সিএনজি গুলোর বিরুদ্ধে শীঘ্রই আমরা অভিযানে নামব। গোলাপগঞ্জ অটোরিক্সা চালক শ্রমিক জোট এর নব নিযুক্ত সভাপতি মাখন মিয়া বলেন, গোলাপগঞ্জের যানজটের মূল কারণ বাস গাড়ীগুলো।

এছাড়া আমাদের (সিএনজি) অটোরিক্সার কিছু চালকের এলোমেলো পার্কিং এর কারনে যানজট লেগে যায়। আমি আগামী ২৫ তারিখ দ্বায়িত্ব গ্রহণ করবো। আগামি ১ নভেম্বর থেকে যানজট মুক্ত করতে আমরা ব্যবস্থা গ্রহন করব।

ডি ডি