ছবি : দৈনিক জৈন্তা বার্তা
*দুই বছরেও মিলছে না দালালকে দেওয়া টাকা,পাসপোর্ট
*এজেন্সিগুলোর কথিত চুত্তিনামার আইনী কোনো ভিত্তি নেই
* সাধারণ মানুষকে রক্ষায় সচেতনতা বাড়ানোর তাগিদ
রাহিম আহমদ (ছদ্মনাম) নামের এক যুবক ২০২১ সালের মার্চ মাসের দিকে তিনি পর্তুগাল যাওয়ার জন্য এক দালালকে ১ লক্ষ টাকা ও পাসপোর্ট জামানত দিয়েছিলেন। তিনি দীর্ঘ দেড় বছরেও বিদেশ যেতে পারেন নি। অনেক চেষ্টার ফলে ২০ হাজার টাকা ভর্তুকি দিয়ে তার পাসপোর্ট ফেরত পেয়েছেন।
রাহিমের ভাগ্য ভালো। তিনি বছর শেষে পাসপোর্ট ফেরত পেয়েছেন। কিন্ত সিলেটের নগর কিংবা গ্রামে এরকম শত শত রাহিম তাদের পাসপোর্ট, টাকা উদ্ধার করতে পারছেনা। যা শেষ পর্যন্ত আদালতেও গড়াচ্ছে।
রাহিমের বাড়ি জগন্নাথপুরে। প্রতারণার শিকার রাহিম জানান, জীবিকা অর্জনের তাগিদ ও আর্থিক সচ্ছলতার জন্য আমার মত পরিবার ছেড়ে বিদেশ পাড়ি জমাতে চান দেশের লাখো তরুণ-যুবক। সেই স্বপ্নে পূরণে লোভনীয় অফার ও মিথ্যা আশ্বাসে ভিত্তিতে তথ্য না নিয়ে শোনা কথায় দালাল ও এজেন্সীকে দিচ্ছেন চুক্তি ভিত্তিক টাকা ও পাসপোর্ট। বিদেশগামীদের সাথে দালালদের চুক্তির মধ্যে ৩/৬ মাসের ভিতরে বিদেশ পৌঁছানোর কথা থাকলেও দেড় দুই বছরেও মিলেনি তাদের কাঙ্খিত পারমিট, ভিসা, টাকা বা পাসপোর্ট। কোনটিই না পাওয়ার ফলে পরিবার পরিজন হচ্ছেন দিশেহারা। অনুসন্ধানের ভিত্তিতে জানা যায়, এসব দালাল বা এজেন্সী চক্র সাধারণ বিদেশগামী তরুণ-যুবকদের টার্গেট করে প্রচার-প্রচারণা করে থাকে। প্রতারক দালালদের মূল লক্ষ্য হলো এসব বিদেশগামী যাত্রীদের (বায়নামা) জমা দেওয়া টাকা দিয়ে ব্যবসা করা বা নিজের একাউন্ট ভারী করে পালিয়ে যাওয়া।
এরকম আরেক ভূক্তভোগী বিয়ানীবাজারের আবুল মিয়া নামের এক যুবক বলেন, রোমানিয়া যাওয়ার জন্য তিনি তাঁর এক বন্ধুর মাধ্যমে একটি এজেন্সীতে ফাইল জমা দেন। কিন্তু দুঃখের বিষয় হলো জমা দেওয়া এজেন্সী তাঁর সাথে প্রতারণা করে। তারা রোমানিয়ার জাল পারমিট দিয়ে একটি বছর সময় অপচয় করে। শুধু সময় অপচয় নয়, পরে বাধ্য হয়ে আপোষের মাধ্যমে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে এজেন্সী থেকে তার পাসপোর্ট আনতে সক্ষম হয়।
এসব বিষয়ে খোঁজ নিতে গিয়ে সিলেট নগরের জিন্দাবাজার বন্দর বাজার কুমারপাড়া আম্বরখানা এলাকায় অনেক প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া যায়। যারা চুক্তিতে, কেয়ার ভিসায়, স্টুডেন্ট ভিসায়, এগ্রিকালচার ভিসায় ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশে পাঠানোর জন্য প্রাইভেট ফার্ম খুলে বসেছে। চটকদার বিজ্ঞাপন, লোভনীয় অফার আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণার পাশাপশি এদের রয়েছে দালাল নেটওয়ার্ক । যারা বিভিন্ন প্রতিষ্টানে কমিশন ভিত্তিতে কাজ করে। এসব প্রচারণা আর দালালীপনার সঙ্গে বিশ্বস্থতা তৈরীর জন্য থাকে ৩’শ টাকার দলিল। আর সহজ সরল অনেকেই এসব দলিলের চুক্তি দেখে স্বাক্ষর করে নেন। যদিও এসবের কোনোই আইনগত ভিত্তি থাকে না।
পুলিশ, র্যাব ও পিবিআইয়ের একাধিক মামলার তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, নানা কায়দায় প্রতারণার ফাঁদ পাতে এসব দালাল চক্রের সদস্যরা। সাধারণত সহজ-সরল মানুষ ও শিক্ষিত বেকাররাই তাদের মূল টার্গেট। কম খরচে বিদেশ পাঠানো, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরি, বিকাশ কিংবা মোবাইল ফোনে বড় পুরস্কার জেতার অফার, জাদুর বাক্সে টাকাকে ডলারে রূপান্তর, কম দামে ভালো জিনিস বিক্রি, অনলাইনে বিনিয়োগ করে দ্রুত অধিক মুনাফা অর্জন ও ভাগ্য পরিবর্তনের নামে নানান বিচিত্র ও অভিনব কৌশলে প্রতারণা করে এরা।
এসব ব্যাপারে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক পিপি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন দৈনিক জৈন্তা বার্তা’কে বলেন বিদেশ পাঠানোর জন্য অনেকেই চুক্তিনামা নিয়ে আমাদের কাছে আসেন। কিন্তু বাস্তুবে এর কোনো আইনী ভিত্তি নেই। এছাড়া রেজিস্ট্রি ছাড়া কোনো দলিলেরই ভিত্তি থাকেনা। এসব ব্যাপারে জনসাধারণকে সচেতন করা প্রয়োজন।
এদিকে এনজিও সংস্থা ব্র্যাকের প্রত্যাশা সূত্রে জানা গেছে, লোভে না পড়ে নিয়োগকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির কাজের শর্তে ভালোভাবে জেনে বুঝে, সে অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে সকল বৈধ কাগজপত্র নিয়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। এমন সব সর্তকতা মুলক প্রচারণার পরও যারা না বোঝে ক্ষতিগ্রস্ত তারাই বেশীর ভাগ ভোগান্তির শিকার হন।
JA




