আকাশ ও রেলপথে ঢাকামুখী সিলেট বিএনপির নেতাকর্মীরা
শনিবার ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে যোগ দিতে সিলেটে থেকে বিভিন্নভাবে রওনা হয়েছেন বিএনপির প্রায় ১০ হাজার নেতাকর্মীরা। সড়ক পথে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও আওয়ামী লীগের হামলার আশঙ্কায় আকাশ ও রেলপথ বেছে নিয়েছেন তারা। তবে সিলেট থেকে ঢাকায় যাতায়তে অনেকে বাধার সম্মুখীন হয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা গেছে, কৌশল অবলম্বন করে গ্রেপ্তার এড়াতে ঢাকামুখী নেতাকর্মীদের দলবদ্ধভাবে না যাওয়া, হোটেল-মেসে না থাকা, অ্যান্ড্রোয়েড ফোন না ব্যবহার করাসহ নানারকম দলীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মী ট্রাকে করেও ঢাকামুখী হয়েছেন বলে দাবি করা হয়েছে।
জেলার দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১২টি উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় মহাসমাবেশে অংশ নিবেন। এ ছাড়াও উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আর দলীয় নেতাকর্মীরা ছাড়াও সিলেট থেকে অন্তত ১৫ হাজার সমর্থক উপস্থিত থাকবেন। এদের মধ্যে ঢাকায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সিলেটি বাসিন্দারা রয়েছেন। সিলেট জেলা বিএনপি থেকে তাদের সঙ্গে সমন্বয়ের জন্য আলাদা সেল গঠন করা হয়েছে।
জানা গেছে, এক সপ্তাহ আগে থেকে নেতাকর্মীরা ঢাকায় যাওয়া শুরু করে। তবে অনেকে শুক্রবার ও মহাসমাবেশের দিন শনিবার ঢাকায় যাবেন। তাদের কেউ রেল বা বিমানপথে যাত্রা করবেন। শহরের কদমতলী টার্মিনাল বাসট্যান্ডে গিয়ে দেখা যায় স্বাভাবিকের চাইতে ঢাকামুখী মানুষদের চাপ অনেক বেশি। সবগুলো বাসেই যাত্রী দিয়ে পরির্পূণ। শনিবার সকালের ঢাকামুখী সব বাসের আগাম টিকেট কাটা হয়েছে।
সিলেট বাস কাউন্টারের দায়িত্বে থাকা একজন কর্তা বলেন, শুক্রবার ও শনিবার সিট সব বুকিং হয়েছে। সমষ্টিগত কেউ টিকেট কাটেছে না, তবে চাপ অনেক। পরিবহন বন্ধ নিয়ে এখনও কোনো নির্দেশনা নেই। সব স্বাভাবিক আছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঢাকায় মহাসমাবেশে সিলেট থেকে বিপুল পরিমাণ নেতাকর্মীর অংশগ্রহণ থাকবে। এখনও তাদের কোনো নেতাকর্মীদের গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে ঢাকায় প্রবেশ করতে অনেককে হয়রানী শিকার হতে হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে সার্বক্ষণিক সবকিছু মনিটর্রিং করা হচ্ছে।
JA




