ছবি : সংগৃহীত
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্তের পর এর মালিক সন্দেহে একজনকে আটক করেছে র্যাব। তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, এই হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে র্যাব-২ আবদুল হান্নান নামের একজনকে আটক করে। পরে তারা তাকে পল্টন থানায় হস্তান্তর করেছে।
নাম প্রকাশ না করার শর্তে র্যাব-২ এর এক কর্মকর্তা বলেন, শনাক্ত করা মোটরসাইকেলের নম্বর ঢাকা ল–৫৪৬৩৭৫, যা আবদুল হান্নানের নামেই নিবন্ধিত। গ্রেপ্তারের পর শনিবার রাতেই তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সিসিটিভির ফুটেজ দেখা যায়, হাদিসহ দুইজন একটি ব্যাটারিচালিত রিকশায় যাচ্ছিলেন; তখন মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
হাদিকে গুলি করার ঘটনায় শনিবার এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে তার ব্যাপারে তথ্য চেয়ে নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে।
একই দিন হাদির ওপর হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা ঘোষণা করে সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
জৈন্তা বার্তা/আরআর




