ছবি:সংগৃহীত
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় হতাহত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় প্রাথমিকভাবে ৮ (আট) জন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী আহত হন। পরবর্তীতে হালনাগাদ তথ্যে আরও ১ (এক) জন শান্তিরক্ষী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ (নয়) জনে।
আহত সকল শান্তিরক্ষীকে দ্রুততম সময়ে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে আহত শান্তিরক্ষীরা কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল-৩ হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১ (এক) জন ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
এদিকে, সন্ত্রাসী হামলায় শাহাদাতবরণকারী ৬ (ছয়) জন বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় প্রত্যাবর্তনের কথা রয়েছে। দেশে পৌঁছানোর পর যথাযথ মর্যাদায় তাঁদের অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রম সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর পরিচালিত সন্ত্রাসী ড্রোন হামলায় দায়িত্ব পালনরত ৬ (ছয়) জন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন এবং মোট ৯ (নয়) জন আহত হন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




