ছবি:সংগৃহীত
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছেছে। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর ৮ নম্বর গেট থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ হিমাগারের উদ্দেশে নেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ ওসমান হাদির মরদেহ শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে এবং কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করা হবে। একই দিনে বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে পূর্বনির্ধারিত কর্মসূচি পরিবর্তন করে শনিবার মিছিলসহ মরদেহ কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
পোস্টে আরও বলা হয়, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না এবং সবাইকে শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি শহীদ হাদির জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
অন্যদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের ব্যাগ বা ভারী কোনো বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হলে মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলার ঘটনায় ফয়সাল করিম মাসুদকে প্রধান শ্যুটার হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তার সহযোগী হিসেবে মোটরসাইকেল চালক আলমগীর শেখের নাম পাওয়া গেছে। তারা দুজনই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র্যাব ১৪ জনকে আটক ও গ্রেফতার করেছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




