বিয়ানীবাজারে হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সকাল সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি বিয়ানীবাজারে। বোরবার সকাল থেকে পৌরশহরে কোথাও বিএনপি কিংবা তাদের অঙ্গসহযোগী সংগঠনের কোন পিকেটিং করতে দেখা যায়নি। তবে বিএনপির ডাকা হরতাল ও ২৮ অক্টোবর ঢাকায় নৈরাজ্যের প্রতিবাদে মাঠে ছিল আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের নেতৃত্বে পৌরশহরে আওয়ামী লীগ মিছিল করেছে।
মিছিল শেষে কলেজ রোডের মোড়ে প্রতিবাদ সভা করে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌরশহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিয়ানীবাজার থানা পুলিশ সতর্ক অবস্থায় ছিল। দিনের কার্যক্রম ছিল স্বাভাবিক। যানবাহন চলাচলের পাশিপাশি সরকারি অফিস আদালত, ব্যাংক বীমা, ব্যবসা প্রতিষ্ঠানে অন্যদিনের মতো স্বাভাবিক কার্যক্রম ছিল।
এদিকে দুপুর ১টার দিকে উপজেলা ছাত্রলীগ পৃথকভাবে পৌরশহরে হরতাল নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে। মোটর সাইকেল দিয়ে পৌরশহরে মহড়া করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
JA




