দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকেই ফোন করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে। তাকে জানালেন ধন্যবাদ।
ওই ফোনালাপের একটি ভিডিও তারেক রহমানের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
তারেক রহমানকে সেখানে বলতে শোনা গেছে, “জি জি... আমার জন্য আমার... জি জি... আপনার শরীর কেমন আছে?”
“হ্যাঁ, দোয়া করবেন, দোয়া করবেন।”
ভিডিওতে আরও বলতে শোনা গেছে, “আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। অ্যান্ড উই আর থ্যাংক ইউ সো মাচ... থ্যাংক ইউ সো মাচ। সব রকম আয়োজনের জন্য।”
“নিশ্চয়ই, নিশ্চয়ই। জি নিশ্চয়ই... ইনশাল্লাহ... ইনশাল্লাহ।”
অন্যপাশ থেকে ইউনূস কী বলছিলেন, তা ওই ভিডিওতে শোনা যায়নি।
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানকে বহনকারী বিমান। বৃহস্পতিবার সকাল ১১টা ৪১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি।
এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে তারেক রহমানকে বহনকারী বিমান। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। পরে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বিমানটি।
তারেক রহমানকে বরণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রস্তুত ছিল ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত লাল রঙের বাস। এই বাসে করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩০০ ফিটে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ অনুষ্ঠানে যান। সেখান থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক।
তারেক রহমানের নিরাপত্তায় ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। এ জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর। এ ছাড়া র্যাবসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও মোতায়েন রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




