ছবি : সংগৃহীত
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ। কিছুক্ষণের মধ্যে তার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মাঠে নেয়া হবে। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ, জিয়া উদ্যান ও আশেপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছে।
জিয়া উদ্যানের প্রবেশপথ, মাজারের দিকে যাওয়া সড়ক এবং প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুরো এলাকায় তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।
খালেদা জিয়ার জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশেপাশে কোনও সাধারণ মানুষকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতা-কর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা হবে। জানাজা ও দাফনের সময়সূচি সংক্রান্ত এক নির্দেশনায় প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, জানাজায় অংশগ্রহণকারীরা কোনো ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে আনতে পারবেন না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দাফনের কার্যক্রম রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। এ কারণে দাফনস্থলে সাধারণ জনগণের প্রবেশাধিকার থাকবে না।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলাকালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।
বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিতের পর সকাল ৮টা থেকেই নেতাকর্মীরা এভারকেয়ারে আসতে শুরু করেন। তবে নিরাপত্তার স্বার্থে কাউকে হাসপাতালের সামনে স্থাপিত ব্যারিকেড পার করতে দেওয়া হচ্ছে না।
তিনি দেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন।
খালেদা জিয়ার মৃত্যুর খবরে দেশ-বিদেশ থেকে শোকবার্তা অব্যাহত রয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বিভিন্ন দেশের সরকার তার পরিবার, বিএনপি নেতৃত্ব এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
জৈন্তা বার্তা/আরআর




