ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট ফ্লাইট সিলেট, কলকাতা ও হ্যানয়ে অবতরণ করেছে। ঘন কুয়াশার কারণে রবিবার এসব ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি। নিরাপদ অবতরণের জন্য বিকল্প বিভিন্ন বিমানবন্দরে এসব ফ্লাইট নামানো হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে ছয়টি ফ্লাইট সিলেট বিমানবন্দরে, একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ও একটি হ্যানয় ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।
আবহাওয়া স্বাভাবিক হলে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিক হবে বলে জানায় বেবিচক।
এর আগে শুক্রবার ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরের নয়টি ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে অবতরণ করে। পরে কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
এদিকে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বিডব্লিউওটি পূর্বাভাস দিয়েছে, ভারতের দিল্লি থেকে বাংলাদেশের দিকে ধেয়ে এসেছে একটি বিশাল কুয়াশাবেল্ট। এটি রংপুর ও রাজশাহী বিভাগ দিয়ে দেশে প্রবেশ করে শনিবার রাত থেকে ধীরে ধীরে দেশের প্রায় ৭০–৮০ শতাংশ এলাকায় প্রভাব ফেলতে শুরু করেছে।
কুয়াশাবেল্ট তুলনামূলক দ্রুত চলে আসায় যেসব এলাকায় এটি অবস্থান করছে, সেখানে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় ২–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে রাতের শীতের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দিনের আকাশে স্থানভেদে ৩ থেকে ৮ ঘণ্টা ম্লান রোদের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে তুলনামূলক বেশি সময় সূর্যের দেখা মিলতে পারে।
তবে কুয়াশা বেল্ট পৌঁছাতে না পারায় সিলেট বিভাগের অধিকাংশ এলাকা মোটামুটি কুয়াশামুক্ত। সেখানে সকাল থেকেই রোদের দেখা মিলেছে। এ কারণে সেখানে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




