সিলেটের গোলাপগঞ্জে অপ্রীতিকর অবস্থায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ শিক্ষার্থীসহ রেস্টুরেন্ট মালিককে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকালে পৌর এলাকার চৌমুহনীতে অবস্থিত কাজী ফার্ম নামের এই রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, উপ পরিদর্শক নুর মিয়া, পার্থ সারথী দাশ, গোলাপগঞ্জ মাইক্রোবাস শাখার সভাপতি আব্দুস সামাদ। জানা যায়, স্কুল কলেজ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাজী ফার্ম নামের এই রেস্টুরেন্টে বসে অপ্রীতিকর কর্মকাণ্ডে লিপ্ত হন। এমনই অভিযোগ ছিলো প্রশাসনের কাছে।
অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ওই রেস্টুরেন্টে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাজে আড্ডা দেওয়া ১৪ জন ছাত্র-ছাত্রীকে ধরে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা ও রেস্টুরেন্ট মালিক মামুন আহমদকে ১০ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
JA




