সংগৃহিত
অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় পে কমিশনের প্রতিবেদন দাখিলের পর তা বাস্তবায়নের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।আজ শুক্রবার বিকেলে নাটোরে গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।অর্থ উপদেষ্টা বলেন, দীর্ঘ ১০-১২ বছর পর জাতীয় পে কমিশন গঠন করা হয়েছে। কমিশন আন্তরিকভাবে কাজ করছে। তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর বাস্তবায়নের ব্যাপারে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো অর্থের যোগান। তাই সবাইকে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
গণভোট বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার গণভোটে সংস্কারের পক্ষে। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে গণভোটে অংশ নিতে হবে। আমরা সংস্কার কার্যক্রম অনেকটা এগিয়ে দিয়েছি। পরবর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে সহায়তা করতেই গণভোটের উদ্যোগ নেওয়া হচ্ছে।এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন এবং গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ উপস্থিত ছিলেন।
এর আগে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
জৈন্তাবার্তা/সুলতানা




