ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা আগামী ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন। ওই দিন সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করাবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে জাতীয় সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে। প্রচলিত নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ ভবনের শপথকক্ষেই এ আয়োজন হওয়ার কথা রয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার সন্ধ্যায় জানান, আপাতত ১৭ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। এর মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। দলটির শরিকরা পেয়েছে আরও তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।
সব মিলিয়ে শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে, আর এর মধ্য দিয়েই দেশজুড়ে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




