ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। প্রয়োজনে কয়েক দফায় গ্রুপভিত্তিকভাবে শপথ আয়োজন করা হতে পারে।
দক্ষিণ প্লাজায় প্রথমবারের আয়োজন
দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার ব্যতিক্রম হিসেবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব।
সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া
নিয়ম অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদীয় নেতা নির্বাচন করবে। পরে সেই নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবেন। রাষ্ট্রপতি তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পর নতুন প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের মনোনয়ন দেবেন।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ সম্পন্ন করার বিধান রয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকছে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৩৭ সদস্যের হতে পারে, যেখানে পূর্ণমন্ত্রী ২৬-২৭ জন এবং প্রতিমন্ত্রী ৯-১০ জন থাকার সম্ভাবনা রয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




