প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৯ AM

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৬ ০৭:১০:৪০ PM

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

ছবি: জৈন্তা বার্তা


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে দেশে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

প্রধানমন্ত্রীর শপথের পর পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। এর মাধ্যমে প্রায় দুই দশক পর আবারও বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলো। গত জাতীয় নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পায়, আর জোটের শরিকরা পায় তিনটি আসন।

বাসসের খবরে জানা যায়, বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার শপথগ্রহণ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ ১৩টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতা, কূটনৈতিক কোরের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিকসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকেল ৩টা ৫৮ মিনিটে তারেক রহমান অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভ্যর্থনা জানান। কয়েক মিনিট পর রাষ্ট্রপতি অনুষ্ঠানে যোগ দেন এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

শপথ অনুষ্ঠানে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। নতুন মন্ত্রিসভায় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি টেকনোক্র্যাট সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ