দলমত ধর্ম যার যার, রাষ্ট্র সবার’- জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৮ AM

দলমত ধর্ম যার যার, রাষ্ট্র সবার’- জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৬ ০১:৪৯:৫৩ PM

দলমত ধর্ম যার যার, রাষ্ট্র সবার’- জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ছবি:সংগৃহীত


নবগঠিত সরকারের প্রতি দেশবাসীর সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন, দেননি কিংবা কাউকেই ভোট দেননি-এই সরকারের প্রতি সবার অধিকার সমান। ভাষণটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

প্রধানমন্ত্রী বলেন, ‘দলমত, ধর্ম ও দর্শন যার যার-রাষ্ট্র সবার।’ তিনি আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে জানান, দেশের সব সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নীতিমালার আলোকে পরিচালিত হবে; দলীয় প্রভাব বা জোরজবরদস্তির কোনো স্থান থাকবে না।

নতুন সরকারের যাত্রা ভঙ্গুর অর্থনীতি ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের প্রধান অগ্রাধিকার। জুয়া ও মাদকের বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে এসব নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আত্মশুদ্ধির এই মাসে যেন মানুষের ভোগান্তি না বাড়ে। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, রমজানকে অতিরিক্ত মুনাফার মাস হিসেবে বিবেচনা না করতে এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সচেষ্ট থাকতে। সরকার অনিয়ম ও সিন্ডিকেট ভাঙতে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যবসায়ী ও ক্রেতা-উভয়ের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনীয় পরামর্শ বা অভিযোগ গ্রহণে সরকার প্রস্তুত। একই সঙ্গে ইফতার, সেহরি ও তারাবির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে বিএনপির সংসদীয় দলের সিদ্ধান্ত তুলে ধরে তিনি জানান, নির্বাচিত কোনো এমপি ট্যাক্স-ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নেবেন না। রাষ্ট্র পরিচালনায় ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

নির্বাচনের আগে ঘোষিত ‘আই হ্যাভ আ প্ল্যান’-এর কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দেওয়া দায়িত্ব বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। রাজধানী ও বিভাগীয় শহরে যানজট নিরসনে যোগাযোগব্যবস্থা পুনর্গঠন, সারা দেশে রেলপথ সহজ ও নিরাপদ করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণ প্রজন্মকে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও কর্মপরিবেশ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পাঁচ দিন পর গতকাল দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। শপথের পরদিন থেকেই তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ