ছবি : সংগৃহীত
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষা, সাংবাদিকতা, চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ পদক তুলে দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে সরকার। এবার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি এবং সংগীতদল হিসেবে পদক পেয়েছে ওয়ারফেজ।
এ বছর পদকপ্রাপ্তরা হলেন- চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ।
নীতিমালা অনুযায়ী, প্রতিটি পুরস্কারের সঙ্গে এককালীন চার লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, রেপ্লিকা ও সম্মাননাপত্র দেওয়া হয়।
ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রবর্তিত একুশে পদক ১৯৭৬ সাল থেকে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হচ্ছে। তবে এবারের তালিকায় সাহিত্য বিভাগে কোনো পদক ঘোষণা করা হয়নি।
গত ৫ ফেব্রুয়ারি একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে সরকার। গত বছরের জুলাইয়ের শেষ দিকে মনোনয়ন আহ্বান করা হয় এবং ৩০ অক্টোবর ছিল আবেদন জমার শেষ দিন।
জৈন্তা বার্তা/আরআর




